মাসুদ আজহারকে ছেড়ে কেন মহম্মদ হাফিজ সঈদের ওপরে খড়্গহস্ত পাকিস্তান! উঠছে প্রশ্ন
জামাত উদ দাওয়া ও তার দান-খয়রাতি শাখা ফলাহ ই ইনসানিয়তকে নিষিদ্ধ ঘোষণা করল পাকিস্তান সরকার। তবে এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই।
আপাত দৃষ্টিতে মনে হতে পারে সন্ত্রাসবাদ তথা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিল ইমরান খানের সরকার। এদিন ২০০৮ মুম্বই হামলার মূল ষড়যন্ত্রী হাফিজ সঈদের সংগঠন জামাত উদ দাওয়া ও তার দান-খয়রাতি শাখা ফলাহ ই ইনসানিয়তকে নিষিদ্ধ ঘোষণা করল পাকিস্তান সরকার। তবে এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই।

এই জামাত উদ দাওয়ার আড়ালেই লস্কর ই তৈবার মতো সন্ত্রাসবাদী সংগঠন চালায় জঙ্গি হাফিজ সঈদ। যে সংগঠন মুম্বইয়ে হামলা চালিয়ে ২০০৮ সালে রক্তগঙ্গা বইয়েছে। যার পরে লস্কর নেতাকে আন্তর্জাতিক সংগঠন তথা ভারত-আমেরিকা কুখ্যাত সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করে মোটা টাকা মাথার দাম ঘোষণা করেছে।
এদিন পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খানের দফতরে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে এই দুই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে। এর আগে এই দুই সংগঠনকে কড়া নজরে রাখা হয়েছিল। এদিন নিষিদ্ধ ঘোষণা করা হল।
এখানেই প্রশ্ন উঠছে, পুলওয়ামা হামলায় লস্কর জঙ্গিরা বা হাফিজ সঈদ জড়িত এমন কোনও প্রমাণ উঠে আসেনি। বা সেই প্রসঙ্গও কোথাও আলোচিত হয়নি। এই হামলার দায় স্বীকার করেছে জইশ ই মহম্মদ জঙ্গি গোষ্ঠী। যার নেতৃত্বে রয়েছে মৌলানা মাসুদ আজহার। এই জঙ্গি বা তার সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কেন পাকিস্তানের ইমরান খান সরকার হাফিজ সঈদের পিছনে পড়ল?
তাও এমন একটা সময়ে যখন মাসুদ আজহারকে জঙ্গি তকমা দিতে ভারত-আমেরিকা সহ আন্তর্জাতিক গোষ্ঠী চাপ বাড়াচ্ছে পাকিস্তানের ওপরে। চাপ বাড়ছে চিনের ওপরও। কারণ নিরাপত্তা পরিষদে চিন ভেটো প্রয়োগ করে মাসুদ আজহারের ব্যান আটকে রেখেছে। এই অবস্থায় হাফিজ সঈদের ওপরে নিষেধাজ্ঞা নতুন করে বিস্ময়ের সৃষ্টি করল আন্তর্জাতিক মহলে।












Click it and Unblock the Notifications