৪ হাজার কিমি দূরের আগ্নেয়গিরি, কেন অচল ভারতের আকাশপথ? জানুন
৪ হাজার কিমি দূরের ইথিওপিয়ার আগ্নেয়গিরি হঠাৎ অগ্ন্যুৎপাত করল, আর তার ছাই এসে পৌঁছে গেল ভারতের আকাশে। ফলে মঙ্গলবার একাধিক ভারতীয় এয়ারলাইন্স বাধ্য হল উড়ান বাতিল ও বদল করতে। ইথিওপিয়ার হায়লি গুব্বি আগ্নেয়গিরর ইতিহাসে প্রথমবার অগ্ন্যুৎপাত করে ১৪ কিলোমিটার উঁচু পর্যন্ত ছাই ছুড়ে দেয়।
সোমবার গভীর রাতে সেই ঘন ছাইয়ের মেঘ উত্তর পশ্চিম ভারতের আকাশ ঢেকে দেয়। রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি এনসিআর, পাঞ্জাব সহ একাধিক জায়গায় দৃশ্যমানতা কমে যায়। ইন্ডিয়া মিটস্কাই ওয়েদার জানিয়েছে, উত্তর ভারতের উপর থেকে ধীরে ধীরে ছাইয়ের ঘনত্ব কমে আসছে ও তা পূর্বদিকে সরে চিনের দিকে এগোচ্ছে।

অগ্ন্যুৎপাতের সময় যে ছাই আকাশে উঠে গিয়েছিল, তা রেড সি পার হয়ে প্রথমে ওমান ইয়েমেনের দিকে যায়, তারপর হাওয়ার দিক বদলে পূর্বদিকে ভারতের দিকে ধেয়ে আসে। ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিমি বেগে এগোতে এগোতে সোমবার রাতে ভারতের আকাশে ঢোকে ওই ছাইয়ের মেঘ।
ছাইয়ের কারণে দৃশ্যমানতা কমে যায়, ফলে একে একে ব্যাহত হতে থাকে আকাশপথের ওঠানামা। আবহাওয়া দপ্তরের হিসাবে, সোমবার রাত থেকেই ছাই ভারতের উপর দিয়ে পূর্বদিকে সরে যেতে থাকলেও আকাশ স্বাভাবিক হতে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত সময় লাগবে বলে আশা করা হয়েছিল।
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে হংকং, দুবাই, জেদ্দা, হেলসিঙ্কি, কাবুল, ফ্রাঙ্কফুর্ট এমন বহু আন্তর্জাতিক উড়ান দেরিতে ছাড়ে। সূত্রে জানা যায়, কমপক্ষে ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয় ও ১০টির বেশি বিদেশগামী উড়ান বিলম্বিত হয়।
এয়ার ইন্ডিয়া জানায়, অগ্ন্যুৎপাত পরবর্তী ছাইয়ের অঞ্চলের উপর দিয়ে যাওয়া বিমানগুলির নিরাপত্তা পরীক্ষার জন্য সোমবার ও মঙ্গলবার ১৩টি উড়ান বাতিল করা হয়েছে।
আকাসা এয়ার জানায়, জেদ্দা, কুয়েত, আবুধাবির মতো মধ্যপ্রাচ্যের গন্তব্যে যাওয়া একাধিক উড়ান রদ করতে হয়েছে।
ইন্ডিগো ও স্পাইসজেট দুই সংস্থাই পৃথক পরামর্শিকায় জানিয়েছে, আন্তর্জাতিক বিমান সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতি নজরে রাখা হচ্ছে ও আরব উপদ্বীপের উপর ছাইয়ের প্রভাবে রুট পরিবর্তন বা উড়ান ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ ছাই ভারতের আকাশসীমায় প্রবেশ করে, আকাশ ঘন অন্ধকার হয়ে ওঠে ও একের পর এক ফ্লাইট বাতিল বা ঘুরিয়ে দেওয়া হয়।
এই পরিস্থিতিতে, ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন সোমবার এয়ারলাইন্সগুলিকে পরামর্শ দেয় যে সব আকাশপথে আগ্নেয়গিরির ছাই রয়েছে সেগুলি পুরোপুরি এড়িয়ে চলতে হবে, রুট, জ্বালানির হিসাব ও উড়ানের উচ্চতা নতুন তথ্য অনুযায়ী পর্যালোচনা করতে হবে।












Click it and Unblock the Notifications