Mumbai 26/11 Attack: তাহাউরের সঙ্গে বসে মুম্বই হামলার ছক, আমেরিকায় জেলবন্দি হেডলি আসলে কে?
David Coleman Headley: আমেরিকা থেকে ভারতে ফেরানো হল মুম্বই হামলার অন্যতম জঙ্গী তাহাউর রানাকে। পাকিস্তানি-আমেরিকান জঙ্গি ডেভিড কোলম্যান হেডলির সহযোগী এই তাহাউর। হেডলি ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বই জঙ্গি হামলার প্রধান ষড়যন্ত্রকারীদের মধ্যে একজন। যে হামলায় প্রাণ গিয়েছিল ১৬৬ জন মানুষের। ২০ জন নিরাপত্তা আধিকারিক ও ২৬ জন বিদেশিও প্রাণ হারিয়েছিলেন। কিন্তু কীভাবে এই হেডলির সঙ্গে জড়িত হলেন তাহাউর?
২৬/১১ এর জঙ্গি হামলায় কার্যত তিনদিন ধরে অচল হয়ে পড়েছিল বাণিজ্যনগরী। সেই হামলায় দোষীসাব্যস্ত হয়েছিলেন হেডলি। বর্তমানে আমেরিকার কারাগারে ৩৫ বছরের হাজতবাস কাটাচ্ছেন তিনি। ভারত বারবার তার হেডলির প্রত্যর্পণ চাইলেও নাকচ করে দিয়েছে আমেরিকা। ওয়াশিংটন ডিসিতেই জন্ম হেডলির। বাবা সৈয়দ সালিম গিলানি ও মা আমেরিকান অ্যালাইস সেরিল হেডলি। জন্মসূত্রে হেডলির নাম ছিল দাউদ সৈয়দ গিলানি। তাঁর বাবা সালিম গিলানী ছিলেন পাকিস্তানের বিখ্যাত কূটনীতিক।

শৈশব পাকিস্তানেই কাটিয়েছেন হেডলি। বোর্ডিং স্কুলে পড়াশোনা শেষে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। ফিলাডেলফিয়ায় পারিবারিক পানশালার কর্মী হিসেবে কাজ করতেন। এদিকে তলে তলে পাকিস্তানের লস্কর ই তৈবা জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখতেন হেডলি। ১৯৯৮ সালে পাকিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগে ২ বছর জেলেও কাটিয়েছেন কুখ্যাত এই জঙ্গি।
জেল থেকে ছাড়া পাবার পর মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করতেন হেডলি। পাকিস্তানের উপর নজরদারি চালানোয় সহযোগিতা করতেন। এরই মধ্যে ২০০২ থেকে ২০০৫ পর্যন্ত লস্কর ই তৈবার পাঁচ পাঁচটি প্রশিক্ষণ শিবিরেও যোগ দিয়েছিলেন তিনি। লস্কর শীর্ষ জঙ্গি নেতাদের নির্দেশে পাঁচ থেকে আট বার ভারতে এসে রেইকিও করে গিয়েছেন।
২০০৮ এর জঙ্গি হামলার আগে মুম্বইয়ে ভালো মতো রেইকি করে হেডলি। যোগাযোগ হয় তাহাউরের সঙ্গে। ভারতে এসে মোট ২৩১ বার তাহাউরের সঙ্গে হেডলির ফোনে কথা হয় বলে খবর। ২০০৯ সালে ডেনমার্কে হেডলিকে গ্রেফতার করে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। সন্ত্রাসবাদের দায়ে আদালতে দোষীসাব্যস্ত করা হয় তাঁকে। জেরায় লস্কর ই তৈবার খুঁটিনাটি বলে ও জঙ্গি হামলায় পাকিস্তানের ভূমিকা নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য হেডলি জানিয়েছেন বলে দাবি। আর তাই হেডলিকে এখনই ভারতে ফেরাতে নারাজ আমেরিকা।












Click it and Unblock the Notifications