Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চুরি যাওয়া পাসপোর্টে কারা উঠেছিল বিমানে, তদন্তে মালয়েশিয়া

কুয়ালালামপুর ও বেইজিং, ৯ মার্চ: ধ্বংস হয়ে যাওয়া মালয়েশিয়া এয়ারলাইন্সের সেই বিমান ঘিরে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। চুরি যাওয়া পাসপোর্ট ব্যবহার করে চারজন অজ্ঞাতপরিচয় লোক বিমানে চড়েছিল বলে খবর। এরা কারা, কী উদ্দেশ্য ছিল, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। অবস্থার গুরুত্ব বুঝে এফবিআই (ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) পর্যন্ত তদন্ত শুরু করে দিয়েছে।

শনিবার ভোররাতে দক্ষিণ চীন সাগরের ওপর দিয়ে ওড়ার সময় নিখোঁজ হয়ে যায় বিমানটি। তার আগে পর্যন্ত কোনও বিপদ সঙ্কেত পাওয়া যায়নি। পাইলট অস্বাভাবিক কিছু জানাননি। এদিকে, বিমানে কারা কারা ছিল, তার একটি তালিকা প্রকাশ করে মালয়েশিয়া এয়ারলাইন্স। তাতে অস্ট্রিয়া এবং ইতালির একজন করে নাগরিকের নাম ছিল। কিন্তু রবিবার এই দুই দেশই জানায়, তাদের কোনও নাগরিক ওই বিমানে ছিল না। অস্ট্রিয়ার ক্রিস্টিয়ান কোজেল এবং ইতালির লুইগি মারালদির পাসপোর্ট চুরি গিয়েছিল থাইল্যান্ডে। ক্রিস্টিয়ান কোজেলের পাসপোর্ট ২০১২ সালে ব্যাঙ্কক থেকে চুরি যায়। আর লুইগি মারালদির পাসপোর্ট চুরি যায় ২০১৩ সালে। অস্ট্রিয়ার পুলিশ যখন 'দুঃসংবাদ' দিতে ক্রিস্টিয়ান কোজেলের বাড়ি পৌঁছয়, তখন তিনি বিছানায় শুয়ে খবরের কাগজ পড়ছিলেন! তার পরই এই সংবাদ জানানো হয় অস্ট্রিয়ার বিদেশ মন্ত্রককে। আরও অন্তত দু'জন, যাদের নাম যাত্রীতালিকায় ছিল, তাঁরাও বিমানে চড়েননি বলে শোনা গিয়েছে। এঁদের ব্যাপারেও বিস্তারিত জানতে খোঁজ চলছে।

এর জেরে তোলপাড় শুরু হয়। প্রশ্ন ওঠে, তা হলে এদের পাসপোর্ট নিয়ে কে চড়ল বিমানে? ওই চারজন রহস্যময় ব্যক্তি অন্তর্ঘাত করেনি তো?

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই বলেছে, "ওরা সন্ত্রাসবাদী ছিল, এটা আমরা এখনই বলছি না। সন্ত্রাসবাদী হলে বিমান ছিনতাই করে দর কষাকষি করত। তা করেনি। চুরি যাওয়া পাসপোর্ট ব্যবহার করেছে বলেই কাউকে সন্ত্রাসবাদী বলা যায় না। হতে পারে, ওরা নিছকই চোর ছিল। অথবা সোজা পথে পাসপোর্ট না পেয়ে কালো বাজার থেকে কিনেছিল।"

মালয়েশিয়া সরকার জানিয়েছে, পাসপোর্ট চুরির খবর প্রকাশ্যে আসার পর তারা বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে। পাশাপাশি, জোর দেওয়া হয়েছে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে বের করার জন্য। ৪০টি জাহাজ এবং ২২টি হেলিকপ্টারকে কাজে লাগানো হয়েছে। দক্ষিণ চীন সাগরের ১০ হাজার বর্গকিলোমিটার জলরাশিতে সন্ধান চালানো একা মালয়েশিয়ার পক্ষে সম্ভব নয় বুঝে জাহাজ পাঠিয়েছে চীন, ভিয়েতনাম, সিঙ্গাপুর এবং ফিলিপিন্স।

তদন্তে এফবিআই-ও, ধ্বংসের কারণ নিয়ে ধোঁয়াশা

দু'দিন হয়ে গেলেও মালয়েশিয়া কিন্তু সরকারি তরফে বিমানটি ধ্বংস হয়েছে বলে স্বীকার করেনি। তারা বলেছে, বিমানটি 'নিখোঁজ' হয়েছে। যদিও ভিয়েতনাম এবং চীনের নৌসেনা আগেই জানিয়ে দিয়েছিল, বিমানটি ধ্বংস হয়ে গিয়েছে। ভিয়েতনামের নৌসেনার দাবি, দক্ষিণ চীন সাগরের থইথই জলরাশিতে কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে তেল ভাসতে দেখা গিয়েছে। সমুদ্রের যে জায়গায় তেল ভাসতে দেখা গিয়েছে, তার একদম কাছে কোনও জনপদ নেই। শুধু জল আর জল। নিকটবর্তী ভূখণ্ড অন্তত ৩০০ কিলোমিটার দূরে। হঠাৎ মাঝসমুদ্রে যদি তেল ভাসতে দেখা যায়, তা হলে সহজেই অনুমান করে নেওয়া যায় কী হয়েছিল!

প্রশ্ন উঠছে, পাইলট কেন বিপদ সঙ্কেত দিলেন না? এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার উইলিয়াম ওয়ালডক জানান, সাধারণত বিপদ সঙ্কেত তখনই দেওয়া সম্ভব, যখন বিপদ ধীরে ধীরে বিমানকে গ্রাস করে। যেমন, পিছনের ডানায় আগুন লেগে যাওয়া বা বিমানের ইঞ্জিন গড়বড় করতে শুরু করা। কিন্তু যদি প্রচণ্ড বিস্ফোরণে বিমান মাঝখান থেকে দু'টুকরো হয়ে যায় বা ইঞ্জিন হঠাৎ থেমে যায়, তখন কোনও সুযোগই পাওয়া যায় না। আকাশে প্রচণ্ড গতিতে ছুটে যাওয়া বিমানের যদি ইঞ্জিন বন্ধ হয়ে যায়, তা হলে অভিকর্ষের টানে তা এত জোরে পৃথিবীতে এসে আছড়ে পড়ে যে, নড়াচড়া করাই সুযোগ মিলবে না। এক্ষেত্রেও তেমন কিছু হয়েছিল বলে তাঁর অভিমত।

যে বিমানটি ধ্বংস হয়েছে, সেটি ছিল বোয়িং। এ ধরনের বিমানে দু'টি ইঞ্জিন থাকে। কিন্তু একই সঙ্গে দু'টি ইঞ্জিন কী করে খারাপ হল, সেটাই বুঝে ওঠা যাচ্ছে না। ফলে ইঞ্জিন খারাপ হওয়ার তত্ত্ব মানছেন না অনেকে।

আরও একটি তত্ত্ব উঠে আসছে। তা হল, বিমানটি যখন নিখোঁজ হয়, সেটি ছিল ভিয়েতনামের আকাশসীমায়। কোনও কারণে ভিয়েতনাম গুলি করে বিমানটি ধ্বংস করে দেয়নি তো? কারণ তারাই প্রথম জানিয়েছিল, বিমানটি ভেঙে পড়েছে দক্ষিণ চীন সাগরে। ১৯৮৮ সালের জুলাই মাসে মার্কিন সেনা একটি ইরানি বিমানকে এ ভাবে গুলি করে ধ্বংস করে দিয়েছিল সোভিয়েত ইউনিয়নের বোমারু বিমান ভেবে। প্রথমে তারা চেপে গেলেও পরে স্বীকার করতে বাধ্য হয়েছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+