৩৫০ বছর পর পারদ উঠল ৪০-এর উপরে, জলবায়ু পরিবর্তনে ঝলসে যাচ্ছে শীতের দেশও
৩৫০ বছর পর পারদ উঠল ৪০-এর উপরে, জলবায়ু পরিবর্তনে ঝলসে যাচ্ছে শীতের দেশও
শীতের দেশেও পারদ উঠেছে ৪০-এর উপরে। তপ্ত রোগে ঝলসে যাচ্ছে পুরো দেশ। সাড়ে তিনশো বছরে এমন ছবি দেখা যায়নি। এতদিন শীতে কাঁপুনি সহ্য করে এসেছে দেশ, এখন সেখানে তাপপ্রবাহের সতর্কতা। গোটা ব্রিটেনে এখন লাল আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। তীব্র গরমে ঝলসে যাচ্ছেন শীতকালীন দশের এই মানুষেরা।

সাড়ে তিনশো বছর পর আবার
আবহবিদরা জানিয়েছেন, সাড়ে তিনশো বছর পর এবার এই ধরনের ঘটনা ঘটল। সাড়ে তিনশো বছর আগে ১৬৭০ সালে পারদের মাত্রা কত চড়েছিল, তার কোনও রেকর্ড নেই। কারণ তখন রেকর্ড রাখা হত না। কিন্তু এটা ঠিক যে সেবারও প্রচন্ড গরমে তপ্ত হয়েছিল লন্ডন। তারপর আবার ২০২২ সালে এল তেমন দিন। যেখানে লন্ডন শহর থেকে পুরো ইংল্যান্ড পুড়ছে প্রচন্ড রোদে।

২০১৯-কে টপকে গেল ২০২২
মঙ্গলবার লন্ডনের হিথরোতে দুপুর ১২টা ৫০-এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। লন্ডন থেকে ২২৫ কিলোমিটার দূরে কলিংসবেতে পারদ উঠে যায় আরও বেশি। সেখানে পারদ রেকর্ড হয় ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস। চলতি তাপপ্রবাহের আগে ব্রিটেনে সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছিল ২০১৯ সালে। সেবার পারদ উঠেছিল ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

তাপপ্রবাহের মধ্যেই খুশির খবর
মঙ্গলবার ব্রিটেনজুড়ে অন্তত ২৯টা জায়গায় পারদ ২০১৯ সালের সেই মাত্রা পেরিয়ে যায়। অর্থাৎ ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি পারদ রেকর্ড হয় ব্রিটেনের ২৯টি জায়গায়। এরপর অবশ্য ব্রিটেনের আবহাওয়া দফতর খুশির খবর শুনিয়েছে দেশবাসীকে। মঙ্গলবার সন্ধ্যা থেকেই আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। বুধবার সকালের মধ্যে দেশে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি দেখা যেতে পারে।

বিকল্প অনেক ব্যবস্থা গরমে বাঁচতে
এমনকী এই পরিস্থিতি এ মাসের শেষের দিকে তাপমাত্রা শীতল হয়ে যাবে বলে আশা করছেন আবহবিদরা। এখন আপাতত তীব্র গরমের থেকে বাঁচতে ব্রিটিশ জাদুঘররে দরজা নির্ধারিত সময়ের আগে বন্ধ করে দেওয়া হচ্ছে। আদালত কক্ষে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা সঠিকভাবে কাজ না করায় অনলাইন শুনানির ব্যবস্থা করেছে দেশের সুপ্রিম কোর্ট।

ক্রিকেটাররাও কাহিল তীব্র তাপপ্রবাহে
ইংল্যান্ডের চেস্টার লি স্ট্রিটে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে একদিনের আন্তর্জাতিক ম্যাচ চলচিল। গরমে কাহিল হয়ে পড়েন ক্রিকেটাররা। তাঁদের জন্য মাথায় আইসপ্যাক, ছাতা এবং বেশি জলপানের বিরতি দেওয়া হয়। মঙ্গলবার ওই ময়দানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ঊর্ধ্বে উঠে যায়। ক্রিকেটার থেকে কর্মকর্তা ও দর্শক সকলেই সমস্যায় পড়েন তীব্র গরমে।

গরম থেকে রেহাই পেতে নদীই ভরসা
ইংল্যান্ড তথা ব্রিটেনের বিভিন্ন শহরে অসহ্য গরমের দহনজ্বালা এতটাই তীব্র ছিল যে তার প্রভাব পড়ে গণ পরিবহণেও। দেশের অন্যতম ব্যস্ততম রেলস্টেশন লন্ডনের কিংস ক্রস কার্যত খাঁ খাঁ করতে দেখা যায়। লিউটন বিমানবন্দরের রানওটে বন্ধ রাখা হয়। গরম থেকে রেহাই পেতে নদী, হ্রদে নেমে গলা ডুবিয়ে বসে থাকতে দেখা যায় অনেককে।

জাতীয় জরুরি অবস্থা ঘোষণা ইংল্যান্ডে
কয়েকদিন আগেই তীব্র তাপপ্রবাহের জেরে লাল সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। ইংল্যান্ডে এখন লাল আবহাওয়া জারি থাকবে বলে জানিয়েছিলেন আবহবিদরা। হাওয়া অফিস জানায়, লন্ডন-সহ ইংল্যান্ডের কিছু অংশের জন্য এই প্রথমবার এমন বিপদের সম্মুখীন হতে চলেছে। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এলাকায়। জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় ইংল্যান্ডে।

শীতপ্রধান ইংল্যান্ড জলবায়ু পরিবর্তনের শিকার
আবহাওয়া অফিসের মুখপাত্র গ্রাহাম ম্যাজ বলেন, সোমবার ও মঙ্গলবারের জন্য প্রচন্ড তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছিল। এই ধরনের সতর্কতা ইংল্যান্ডে এই প্রথম। সতর্কতাটি লন্ডন থেকে ম্যাঞ্চেস্টার ও ইয়র্কের উপত্যকা পর্যন্ত এলাকায় জন্য ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে জানানো হয়েছিল, আমরা যদি ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছই, তবে সেটা হবে বিরল ঘটনা। সেটাই ঘটেছে। জলবায়ু পরিবর্তনের জন্য এই পরিস্থিতির শিকার হচ্ছে ইংল্যান্ড, এমনই ব্যাখ্যা দিয়েছেন আবহবিদরা।

তাপপ্রবাহের কারণে সাবধনতা অবলম্বনের পরামর্শ
ইংল্যান্ডের মেট অফিস সতর্কতা জারি করেছে, প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছে তাপপ্রবাহের কারণে। ঝুঁকিপূর্ণ পরিস্থিতি কাটাতে হবে। মেট অফিসের প্রধান নির্বাহী পেনি এন্ডারসবি তাপপ্রবাহের এই পূর্বাভাসকে নজিরবিহীন আখ্যা দিয়েছেন। জনসাধারণের জন্য এই সতর্কতাকে গুরুত্ব সহকারে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে ইংল্যান্ডের হাওয়া অফিসের তরফে। ইংল্যান্ডের মানুষের জীবনধারা ও আবহাওয়ার স্থিতাবস্থার সঙ্গে একেবারেই বেমানান বর্তমান পরিস্থিতি। তাই এর মোকাবিলা করা খুবই কঠিন। তবু জলবায়ু পরিবর্তনের ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে প্রাকৃতিক নিয়মেই তার মোকাবিলা করতে হবে। সতর্কতাগুলি গুরুত্ব সহকারে মেনে চলতে হবে।












Click it and Unblock the Notifications