আমরা আবার ফিরব, শিকাগো, লস অ্যাঞ্জেলেস ও পোর্টল্যান্ডে ন্যাশনাল গার্ড মোতায়েনে অবসান ঘটালেন ট্রাম্প
মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি বড় শহর শিকাগো, লস অ্যাঞ্জেলেস ও পোর্টল্যান্ড থেকে ন্যাশনাল গার্ড প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিজের সামাজিক মাধ্যম 'ট্রুথ সোশ্যালে' এই ঘোষণা করে ট্রাম্প দাবি করেন, ন্যাশনাল গার্ড মোতায়েনের ফলে ওই শহরগুলিতে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। তাঁর কথায়, ফেডারেল সরকারের হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠত।
তবে এখানেই থামেননি ট্রাম্প। তিনি স্পষ্ট করে দেন, পরিস্থিতি আবার খারাপ হলে ন্যাশনাল গার্ড ফের শহরগুলিতে পাঠানো হবে। ট্রাম্পের হুঁশিয়ারি, "অপরাধ বাড়লেই আমরা ফিরব হয়তো আগের চেয়ে আরও শক্তিশালী ও ভিন্ন রূপে। এটা সময়ের অপেক্ষা মাত্র।" একই সঙ্গে ডেমোক্র্যাট দলের মেয়র ও গভর্নরদের তীব্র কটাক্ষ করে তিনি বলেন, প্রশাসনিক অযোগ্যতার কারণেই তাঁদের এই সিদ্ধান্তে আপত্তি।

উল্লেখ্য, গত বছরের জুন মাস থেকে একাধিক শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন শুরু করে ট্রাম্প প্রশাসন। তাদের যুক্তি ছিল, স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় ফেডারেল হস্তক্ষেপ জরুরি। যদিও বিচারপতি ও বিরোধীদের একাংশের অভিযোগ, এই সিদ্ধান্তে প্রেসিডেন্ট তাঁর ক্ষমতার সীমা ছাড়িয়ে গিয়েছেন। তবুও ট্রাম্পের দাবি, অপরাধ দমন ও ফেডারেল সম্পত্তি রক্ষার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।
আইনি জটিলতাও কম নয়। গত ২৪ ডিসেম্বর মার্কিন সুপ্রিম কোর্ট শিকাগো এলাকায় ন্যাশনাল গার্ড মোতায়েনের অনুমতি দিতে অস্বীকার করে। অভিবাসন সংক্রান্ত অভিযানের সময় ব্যাপক গ্রেফতারের প্রেক্ষিতে এই রায় দেন বিচারপতি স্যামুয়েল অ্যালিটো, ক্ল্যারেন্স থমাস ও নিল গরসাচ। আদালতের পর্যবেক্ষণ ছিল, ফেডারেল কর্মী ও সম্পত্তি রক্ষার অজুহাতে ন্যাশনাল গার্ডকে ফেডারালাইজ করার জন্য প্রেসিডেন্টের 'স্বাভাবিক ক্ষমতা' আইনসম্মতভাবে প্রমাণিত হয়নি।
এর আগেও লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েন বন্ধের নির্দেশ দিয়েছিলেন এক ফেডারেল বিচারক। যদিও সব ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন পরাজিত হয়নি। গত মাসে একটি আপিল আদালত ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের উপস্থিতি আপাতত বহাল রাখার পক্ষে রায় দেয়, নিম্ন আদালতের নির্দেশ স্থগিত করে।
সব মিলিয়ে ন্যাশনাল গার্ড প্রত্যাহার হলেও ট্রাম্পের বার্তা স্পষ্ট অপরাধ বাড়লে ফেডারেল শক্তি ফের মাঠে নামবে, আরও দৃঢ় অবস্থানে।












Click it and Unblock the Notifications