USAID Grant: ভারত না বাংলাদেশ! আসলে কাদের নির্বাচনী-অনুদান পাঠাত আমেরিকা? নতুন রিপোর্টে চাঞ্চল্য
USAID Funds: আমেরিকার অনুদান বন্ধ নিয়ে ফের চাঞ্চল্যকর রিপোর্ট। ভারতের ভোটারদের ভোটদানের হার বাড়াতে বাইডেন (Joe Biden) শাসনে বরাদ্দ ২১ মিলিয়ন ডলারের অনুদান বন্ধ করার কথা ঘোষণা করেছিল ট্রাম্প (Donald) প্রশাসন। দিনকয়েক আগেই সেই খবর আলোড়ন ফেলে দেয়।
আর এবার নতুন রিপোর্টে দাবি, ওই অনুদান ভারত নয়, বরং এতদিন বাংলাদেশের ভোটের জন্য দেওয়া হত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের অনুদান বন্ধের ঘোষণা করতেই এদেশে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

বুধবারই পূর্বতন বাইডেন সরকারকে নিশানায় রেখে ট্রাম্প দাবি করেন, ভারতের লোকসভা ভোটে অন্য কাউকে জেতানোর চেষ্টা করা হয়েছিল। ভারত সরকারকে এসম্পর্কে জানাবেন বলেও মন্তব্য করেন ট্রাম্প।। বিষয়টিতে বড়সড় চক্রান্ত থাকতে পারে আশঙ্কা ট্রাম্পের।
আর এরপরেই ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপের অভিযোগে কংগ্রেসের (Congress) দিকে আক্রমণ শানাতে শুরু করে বিজেপি (BJP)। পাল্টা বিজেপিকেই এজন্য দায়ী করেছে হাত শিবির। এরই মাঝে বাজারে বিস্ফোরক তদন্ত রিপোর্ট পেশ সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের। তাদের দাবি, ২০০৮ সালের পর থেকে ভারতের নির্বাচন সংক্রান্ত কোনও প্রোজেক্টেই মার্কিন অনুদানের বরাদ্দ হয়নি।
বরং, ওই রিপোর্টে দাবি, ২১ মিলিয়ন ডলারের অনুদান বরাদ্দ করা হয়েছিল বাংলাদেশের জন্য। যা ২০২২ সালে অনুমোদন পেয়েছিল আমেরিকার বাইডেন প্রশাসনের তরফে। বাংলাদেশের ওই প্রকল্পের নাম ছিল "আমার ভোট আমার"। ওই রিপোর্ট তুলে ধরে বিরোধীদের মিথ্যে দোষারোপের অভিযোগে বিজেপিকেই পাল্টা আক্রমণ করেন কংগ্রেস নেতা পবন খেরা।
বিজেপিকে দেশ বিরোধী বলে খোঁচা পবনের। তাঁর দাবি, একমাত্র বিজেপিই দেশে অনেকদিন বিরোধী দলের ভূমিকায় ছিল ও দেশের কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারকে উৎখাত করতে বিদেশি শক্তির থেকে সরাসরি সাহায্য গ্রহণ করেছিল। এক্স হ্যান্ডেলে খেরা আরও বলেন, তথ্য যাচাই না করেই বিরোধীদের দিকে আঙুল তুলতে শুরু করেছে বিজেপি।
প্রসঙ্গত, ভারতের নির্বাচনে বিদেশি যোগ নিয়ে ট্রাম্পের মন্তব্যের পরই রাহুল গান্ধীর বারবার বিদেশ যাত্রা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে বিজেপি। বিদেশি হস্তক্ষেপ নিয়ে সরাসরি রাহলকে নিশানা করেন বিজেপির আইটি সেলের ইনচার্জ অমিত মালব্য। এদিন খেরা পাল্টা বলেন, সময়ের সঙ্গে সঙ্গে বিদেশি অনুদান নিয়ে উল্টে ক্ষমতাসীন সরকারকে উপড়ে ফেলার চেষ্টা করে এসেছে বিজেপি।












Click it and Unblock the Notifications