Zelensky: ট্রাম্প হাত তুলে নিতেই 'ভুল' স্বীকার জেলেনস্কির, সৌদিতে ফের শান্তি-বৈঠকে আমেরিকার মুখাপেক্ষী ইউক্রেন
US Ukraine Talk: হোয়াইট হাউসে তুমুল বাগবিতণ্ডায় জড়িয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি (Zelensky) ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। যার জেরে রাশিয়া ইউক্রেন যুদ্ধের (Russia Ukraine War) সমাপ্তি নিয়ে আলোচনা কার্যত ভেস্তেই গিয়েছে। তবে সূত্রের খবর, এবার সৌদি আরবে (Saudi Arab) ফের ইউক্রেন ও আমেরিকার মধ্যে হবে কথোপকথন। যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার (Peace Talk) ব্যাপারে আলোচনা সারবে দুই দেশ।
সব ঠিক থাকলে, আগামী সপ্তাহেই সৌদি আরবে ওই আলোচনা হতে পারে। বৃহস্পতিবার জেলেনস্কি জানান, সোমবারই সৌদি আরবে সফরে যাবেন তিনি। সেখানেই মার্কিন আধিকারিকদের সঙ্গে আলোচনা সারবে তাঁর টিম। তিনি বলেন, "সৌদি আরবে রাজার সঙ্গে দেখা করতে যাব। তারপর সেখানে থেকে আমেরিকার বন্ধুদের সঙ্গে কথাবার্তা সারবে আমার টিম। ইউক্রেন শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে সদা আগ্রহী।"

তবে ট্রাম্পের সঙ্গে বাদানুবাদে যাওয়া যে ঠিক হয়নি, তাও মানছেন জেলেনস্কি। তিনি জানান, গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে যে কথা কাটাকাটি হয়েছে, তা নিয়ে অনুশোচনা বোধ করছেন। ট্রাম্পের বলিষ্ঠ নেতৃত্বে যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে তিনি প্রস্তুত বলেও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্পের মানভঞ্জনে এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন জেলেনস্কি।
ট্রাম্পের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে জেলেনস্কির দেশকে সবরকম সামরিক সহায়তা বন্ধের ঘোষণা করেছে আমেরিকা। রাশিয়ার আক্রমণ ঠেকাতে ইউক্রেনের কাছে আমেরিকার সাহায্য আশু প্রয়োজন। কিন্তু জেলেনস্কির দুর্ব্যবহারে আমেরিকা বেঁকে বসায় বিপাকে ইউক্রেন। এদিন ইউক্রেনের প্রেসিডেন্ট এও জানান, ওয়াশিংটনের সঙ্গে দুর্লভ খনিজ সংক্রান্ত আকর্ষণীয় চুক্তি স্বাক্ষর করতে রাজি ইউক্রেন।
হোয়াইট হাউসে গত শুক্রবার ট্রাম্পের সঙ্গে ওই বাদানুবাদের পর জেলেনস্কির তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। জেলেনস্কি শান্তি চান না বলে উল্লেখ করেছিলেন ট্রাম্প। এদিন পাল্টা ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, তারা কেউই আজীবন যুদ্ধ চান না। তিনি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব, শান্তি প্রতিষ্ঠার পথেই হাঁটতে চায় ইউক্রেন। প্রসঙ্গত, গত ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়ার আগ্রাসন ঠেকাতে বিদেশি সামরিক সাহায্যের উপর নির্ভরশীল ইউক্রেন। আমেরিকা হাত তুলে নিতেই বিপাকে পড়ে সুর নরম করলেন জেলেনস্কি।












Click it and Unblock the Notifications