Deep Research: মহা ফাঁপরে চিনের ডিপসিক, AI বাজারে টেক্কা দিতে আমেরিকা আনল ‘ডিপ রিসার্চ’, কী এই টুল?
Deep Research: এআইয়ের বাজারে (AI Market) কার্যত দাপিয়ে বেড়াচ্ছে ডিপসিক (Deepseek)। চিনা স্টার্ট আপ সংস্থা চ্যাটবট ডিপসিকের দাপটে পিছিয়ে পড়েছে প্রতিদ্বন্দ্বী ওপেন এআই, এনভিডিয়া। চুপ করে বসে থাকার পাত্র নয় আমেরিকাও। মার্কিন টেক জায়ান্ট ওপেন এআই (Open AI) এবার বাজারে আনল নতুন চ্যাটজিপিটি টুল 'ডিপ রিসার্চ'।
চিনের ডিপসিকের সঙ্গে পাল্লা দিতে ডিপ রিসার্চ টুল আনল আমেরিকা। চ্যাট জিপিটি এনে জনতাকে এআইয়ের কামাল চাক্ষুষ করিয়েছিল ওপেন এআই। সেটা ২০২২ সালের ঘটনা। আর এবার ডিপ রিসার্চ টুল এনে ওপেন এআইয়ের দাবি, মানুষের যে কাজ করতে ঘণ্টার পর ঘণ্টা ব্যয় হয়, সেই একই কাজ মিনিটের মধ্যে করে দেবে ডিপ রিসার্চ টুল।

এদিন এক বিবৃতিতে ওপেন এআই জানায়, "সম্পূর্ণ স্বতন্ত্রভাবে কাজ করতে পারবে ডিপ রিসার্চ টুল। ব্যবহারকারীর তরফে নির্দেশ দিলেই শয়ে শয়ে অনলাইন সোর্স বিশ্লেষণ করে গবেষণা রিপোর্ট হাজির করবে ডিপ রিসার্চ। সবিস্তারে প্রতিবেদনে মতো তথ্য পেশে সক্ষম এই এজেন্ট।"
টোকিওতে রয়েছেন ওপেন এআই কর্তা স্যাম অল্টম্যান। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ও সফটব্যাঙ্ক গ্রুপের প্রধান মাসায়োশি সনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। সেই আবহেই ডিপ রিসার্চের পথ চলা শুরু হল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ঘোষণা অনুযায়ী স্টারগেট প্রকল্পের অংশ হচ্ছে সফটব্যাঙ্ক ও ওপেন এআই। মার্কিন যুক্তরাষ্ট্রে কৃত্তিম বুদ্ধিমত্তার সার্বিক উন্নয়নে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প।
চিনকে নজরে রেখে ট্রাম্প সেই ঘোষণা করেছিলেন বলে মত ওয়াকিবহাল মহলের। আর এবার চিনের ডিপসিককে টেক্কা দিতে ডিপ রিসার্চ আনল আমেরিকা। চলতি সপ্তাহের শেষের দিকে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার কথাও রয়েছে জাপানের প্রধানমন্ত্রীর।
চিনা ডিপসিকের ধাক্কায় একদিনে ৫০ লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছিল মার্কিন এআই সংস্থা এনভিডিয়ার। নিউ ইয়র্কে ১৭ শতাংশ পতনের মুখে পড়েছিল মার্কিন সংস্থা। অথচ এআই বিপ্লবের মুখ হিসেবে পরিচিত এনভিডিয়া।
চিনের এই সস্তায় পুষ্টিকর এআই মডেলের জেরে মার্কিন যুক্তরাষ্ট্র নির্ভর এআই সংস্থাগুলি প্রবল সংকটের মুখে পড়ে। বিষয়টি নিয়ে উদ্বেগও প্রকাশ করেন ট্রাম্প। দিনকয়েক আগেই ফ্লোরিডা থেকে ট্রাম্প বলেন, চিনা সংস্থার তৈরি এআই মডেল ডিপসিকের আত্মপ্রকাশ মার্কিন সংস্থাগুলির কাছে অশনি সংকেত।
এখনই মার্কিন এআই সংস্থাগুলির টনক নড়া উচিত বলে মন্তব্য করেন ট্রাম্প। প্রতিযোগিতায় জিততে হলে আমেরিকান এআই সংস্থাগুলিকে আরও তৎপর হতে হবে বলে জানান ট্রাম্প। তারই সপ্তাহ না ঘুরতেই এবার ডিপ রিসার্চ টুল আনল মার্কিন সংস্থা ওপেন এআই।












Click it and Unblock the Notifications