US Stocks: শুল্কে ৯০ দিনের 'বিরতি', ট্রাম্পের ঘোষণায় চাঙ্গা হচ্ছে মার্কিন শেয়ার বাজারও
US Stocks: ট্রাম্পের শুল্কনীতির জেরে ধুঁকছিল খোদ মার্কিন শেয়ারবাজার। শুল্ক নিয়ে সিদ্ধান্তে ট্রাম্প কিছুটা পিছু হঠতেই ফের চাঙ্গা হল মার্কিন শেয়ারবাজার। ভারত-সহ নানা দেশে আপাতত ৯০ দিনের জন্য পারস্পারিক শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার পরই লাফিয়ে উত্থান হয়েছে মার্কিন শেয়ারবাজারের সূচকগুলিতে। যা কার্যত ঐতিহাসিক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
মার্কিন স্টক সূচক এস অ্যান্ড পি ৫০০ প্রায় ৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ট্রাম্পের শুল্ক ঘোষণায় এতদিন বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কা করে পিছু হঠছিলেন বিনিয়োগকারীরা। যার জেরে সূচকও ছিল অধোগামী। তবে বুধবার বিনিয়োগকারীদের মনে আশা জাগিয়েছে ট্রাম্পের একটি পোস্ট। ট্রুথ সোশ্যাল হ্যান্ডেলে ট্রাম্প ঘোষণা করেন, "প্রায় ৭৫টিরও বেশি দেশ শুল্ক নিয়ে পাল্টা কোনও প্রতিশোধ নেননি বা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এককাট্টা হননি। আর তাই শুল্ক সিদ্ধান্তে আপাতত ৯০ দিনের স্থগিতাদেশ দেওয়া হল।"

এপ্রসঙ্গে ট্রাম্পের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসান্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, একাধিক দেশের উপর আরোপিত ট্রাম্পের শুল্ক আপাতত ৯০ দিনের জন্য থাকছে না। তবে ন্যূনতম ১০ শতাংশ শুল্ক কার্যকরই থাকছে। যদিও এ থেকে চিনকে বিরত রাখা হয়েছে। ট্রাম্প শুল্ক চাপানোর পরই পাল্টা প্রতিশোধ হিসেবে শুল্ক চাপিয়েছে বেজিং। তাই চিনকে ছাড় না দিয়ে উল্টে ১০৪ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেছেন ট্রাম্প।
এদিন এস অ্যান্ড পি ৫০০ সূচক বাড়লেও ট্রাম্পের শুল্ক ঘোষণার আগের অবস্থানে তা এখনও পৌঁছতে পারেনি। অন্যদিকে নসদাক সূচক ১২.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মার্কিন স্টক মার্কেটের ইতিহাসে একলাফে দুই সূচকের এতটা বৃদ্ধি কার্যত নজিরবিহীন। ট্রাম্পের শুল্ক সিদ্ধান্ত কার্যকরে ৯০ দিনের বিরতি ঘোষণায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে হোয়াইট হাউস স্পষ্টতই জানিয়েছে, কোনও দেশ শুল্ক নিয়ে প্রতিশোধ নিতে এলে, তাদের পুরস্কৃত করা হবে না। চিনকে দেখিয়ে এমনই উদাহরণ দিলেন ট্রাম্পও।












Click it and Unblock the Notifications