Tornado: রাতারাতি ধূলিস্মাৎ বাড়িঘর, টর্নেডোর তাণ্ডবে মৃত্যু কমপক্ষে ২৬ জনের; ভয়াবহ ছবি দেশের সর্বত্র
Tornado: একইসঙ্গে ঘূর্ণিঝড়, ধুলোঝড় ও দাবানল মার্কিন যুক্তরাষ্ট্রে। মৃ্ত্যু হল কমপক্ষে ২৬ জনের। মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যে কার্যত ধ্বংসলীলা চালাল টর্নেডো। মিসৌরি, আরকানসাস ও কানসাসে সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড়। প্রকৃতির রোষে রাতারাতি প্রাণ হারালেন বহু মানুষ।
শুধু মিসোরী প্রদেশেই এক রাতে মারা গিয়েছেন ১২ জন। টর্নেডোর তাণ্ডবে মাটিতে মিশে গিয়েছে একাধিক বাড়ি। উপড়ে গিয়েছে প্রচুর গাছ। ওয়েন কাউন্টিতে ঝড়ের তাণ্ডবে টুকরো টুকরো হয়ে মাটিতে মিশে গিয়েছে একটি বাড়ি। সেখানে ধ্বংসস্তূপের নিচ থেকে ৫টি মৃতদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। ঘরবাড়ি নয়, গোটা এলাকা যেন শুধুই ইট কাঠ পাথরের ধ্বংসাবশেষ মনে হচ্ছিল। এমনটাই জানান করনার জিম আকার্স।

টর্নেডোর জেরে কানসাসে হাইওয়েতে গাড়ির উপর গাড়ি উঠে স্তূপে পরিণত হয়। সেখানে মারা যান প্রায় ৮ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ৫০টি গাড়ি। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আরকানসাস প্রদেশেও। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাহায্যার্থে এমার্জেন্সি রেসপন্স টিম মোতায়েন করেছেন রাজ্যপাল সারা হুকাবি। অন্যদিকে টেক্সাস প্রদেশে ধুলোঝড়ের ফলে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩ জন।
প্রাকৃতিক বিপর্যয়ের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত। ঘণ্টায় ৮০ মাইল বেগে দমকা হাওয়ায় তছনছ হয়ে গিয়েছে এলাকা। মিনেসোটা ও সাউথ ডাকোটা প্রদেশের জন্য ইতিমধ্যেই চরম সতর্কতা জারি করেছে প্রশাসন। দক্ষিণের সমতল এলাকায় বিশেষত টেক্সাস ও ওকলাহোমায় দাবানলের লাল সতর্কতা জারি করা হয়েছে। বিক্ষিপ্তভাবে অগ্নিকাণ্ডের ফলে ইতিমধ্যেই ওকলাহোমায় একাধিক বাড়ি পুড়ে গিয়েছে।
ক্রমশ পূর্বদিকে এগোচ্ছে টর্নেডো। যার জেরে আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে প্রশাসন। দমকা হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টিরও পূর্বাভাস জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। লুসিয়ানা থেকে ফ্লোরিডার উপর দিয়ে ঝড়ের তাণ্ডব যেতে পারে বলে সতর্কতা আবহাওয়া দফতরের। টর্নেডোর জেরে বিদ্যুৎবিচ্ছিন্ন বিস্তীর্ণ এলাকা। চারিদিকে শুধুই ক্ষয়ক্ষতি ও ধ্বংসাবশেষ। বিপদের সম্মুখীন লক্ষ লক্ষ আমেরিকাবাসী।












Click it and Unblock the Notifications