শিয়রে আফগান সঙ্কট! মঙ্গলবারই দু-দিনের ভারত সফরে আসছেন মার্কিন বিদেশ সচিব ব্লিনকেন
শিয়রে আফগান সঙ্কট! মঙ্গলবারই দু-দিনের ভারত সফরে আসছেন মার্কিন বিদেশ সচিব ব্লিনকেন
দায়িত্বগ্রহণের পর প্রথমবার ভারতে পা রাখতে চলেছে নয়া মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেন। মঙ্গলবার ভারতে আসছেন তিনি। এদিকে বাইডেনের সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকেই তালিবানি হানায় বিধ্বস্ত আফগানিস্তান। আর এই প্রেক্ষাপটে মার্কিন বিদেশ সচিবের ভারত আগমণ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। যা নিয়ে ইতিমধ্যেই জোরদার আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলেও।

কয়েকদিন আগেই মার্কিন বিদেশ মন্ত্রকের তরফে ব্লিনকেনের ভারতের সফরের কথা বিবৃতি দিয়ে জানানো হয়।আর তাতেই বলা হয় কুয়েতে যাওয়ার আগে বুধবার নয়াদিল্লীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সাথে সাক্ষাৎ করবেন ব্লিনকেন। দিল্লিতে পা রাখবেন মঙ্গলবারই। পাশাপাশি দেখা করবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও।
এদিকে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েজ অস্টিন কয়েকদিন আগেই ভারত থেকে ঘুরে যান। তারপর থেকেই ব্লিনকেনের সফরের কথা শোনা গেলেও দিনক্ষণ স্থির হয়নি। এমনকী একাধিকবার তা ঠিক হলেও কোভিডের কারণেই তা বাতিল হয়ে যায়। অবশেষে গত শুক্রবার নতুন করে সফরসূচি ঘোষণা করে মার্কিন বিদেশ মন্ত্রক। ইন্দো-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের জোর আরও বাড়াতেই ব্লিনকেনে এই সফর বলে মার্কিন বিবৃতিতেও বলা হয়েছে।
অন্যদিকে করোনা মহামারির মোকাবিলা, ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় নজরদারি, রাষ্ট্রপুঞ্জে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়েও ব্লিনকেনের সঙ্গে মোদীর আলোচনা হতে পারে বলে শোনা যাচ্ছে। পাশাপাশি বিশ্বনীতির ক্ষেত্রেও একাধিক বিষয়ে বোঝাপড়া বাড়াতে বৈঠকে যোগ দেবেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। অন্যদিকে আন্তর্জাতিক স্তরে চিনা আগ্রাসনের মোকাবিলার বিষয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে বলে শোনা যাচ্ছে। পাশাপাশি আফগানিস্তানে শান্তি ফেরাতে কি কৌশল নেওয়া যেতে পারে তা নিয়েও দউি দেশের মধ্যে দীর্ঘ আলোচনা হতে পারে বলে খবর।












Click it and Unblock the Notifications