পরবর্তী মার্কিন প্রেসিডেন্টের নাম জানতে অপেক্ষা করতে হতে পারে শুক্রবার পর্যন্ত!
করোনা কালে সর্বকালীন রেকর্ড ভেঙে আগাম ভোট দিয়েছেন প্রায় ১০ কোটি মার্কিন নাগরিক। ১৯ কোটি নথিভুক্ত নাগরিকদের মধ্যে ১০ কোটি ভোট আগে পড়ে যাওয়াতে নির্বাচনী উত্তাপ কিছুটা কম ছিল ৩ নভেম্বর। তবে ভোট গণনা শুরু হতেই পারদ চড়তে শুরু করে আমেরিকায়। এরই মাঝে অধিকাংশ রাজ্যের ফলাফল প্রকাশ হতে শুরু হয়। এতে এগিয়ে যান বাইডেন। তবে ফ্লোরিডা এবং টেক্সাস জিতে বাইডেনের সঙ্গে দূরত্ব কমান ট্রাম্প।

নির্বাচনের ফলাফল প্রকাশ নিয়ে চাপানউতোর
আর এরপরই নির্বাচনের ফলাফল প্রকাশ নিয়ে চাপানউতোর শুরু হয় দুই পক্ষের। একদিকে যখন বাইডেন দাবি করেন যে নির্বাচনে তিনি জিতবেন। এবং শেষ ভোট পর্যন্ত গণনা হওয়া দরকার। অপর দিকে ট্রাম্প অবিলম্বে ভোট গণনা বন্ধ করে ফলাফল ঘোষণার দাবি জানান। পাশাপাশি ভোটে কারচুপির অভিযোগ তোলেন তিনি।

পেনসিলভেনিয়া জিততে মরিয়া দুই নেতাই
বর্তমান পরিস্থিতিতে পেনসিলভেনিয়া রাজ্যকে জয় করতে চাইছেন ট্রাম্প-বাইডেন, দুজনেই। যদিও এখনও পর্যন্ত ২০ কলেজ বিশিষ্ট পেনসিলভিনিয়াতে এগিয়ে ট্রাম্প, তবে এখানে চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে সময় লাগে। কারণ ডাক যোগে ভোট এসে পৌঁছাতে এই রাজ্যে সময় লাগবে।

বেশিরভাগ ডেমোক্র্যাটই ডাক যোগে ভোট দিয়েছেন
মনে করা হচ্ছে বেশিরভাগ ডেমোক্র্যাটই ডাক যোগে ভোট দিয়েছেন। এর জেরে নির্বাচনের চূড়ান্ত ফল জানতে অপেক্ষা করতে হতে পারে অন্তত শুক্রবার পর্যন্ত। এবং যত দেরি হবে, এবং সব ভোট গণনার পথ সুগম হবে, তত বাইডেনের জয়ের সম্ভাবনা বেশি। শুধু পেনসিলভেনিয়া নয়, মিশিগান এবং উইসকনসিনের পরিস্থিতিও এক। এবং বর্তমানে এই কয়েকটি রাজ্যের উপরই নির্ভর করে রয়েছে মার্কিন নির্বাচনের ভাগ্য।

সাংবিধানিক আইনি লড়াইতে নামবেন ট্রাম্প
দেখা গিয়েছে আগাম ভোটের ক্ষেত্রে নথিভুক্ত ভোটারদের মধ্যে রিপাবলিকানদের থেকে ১৪ শতাংশ বেশি ভোটার রয়েছেন ডেমোক্র্যাটরা। এরপরই মেইল-ইন ভোট পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে ট্রাম্প একটি আগাম আভাস দিয়ে রেখেছিলেন যে তিনি নির্বাচনে হারলে তা নিয়ে সাংবিধানিক আইনি লড়াইতে নামবেন তিনি।












Click it and Unblock the Notifications