US Presidential Election 2024: ফিলাডেলফিয়ায় ভোটে কারচুপির অভিযোগ ট্রাম্পের, ভিত্তিহীন বলে দাবি ওড়াল প্রশাসন
US Presidential Election 2024: আমেরিকায় লাস্ট ল্যাপে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগ ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। ফিলাডেলফিয়ায় ভোটে ব্যাপক আকারে কারচুপি (Massive Cheating) হয়েছে বলে পোস্ট রিপাবলিকান প্রার্থীর। যদিও ট্রাম্পের দাবি ওড়ালেন ফিলাডেলফিয়ার (Philadelphia) প্রশাসনিক আধিকারিকরা।
আমেরিকার ইতিহাসে 'ব্লু সেট' হিসেবে পরিচিত পেনসিলভেনিয়া এখন 'সুইং স্টেট'। যেকোনও দিকেই প্রেসিডেন্ট নির্বাচনের খেলা ঘুরিয়ে দিতে পারে এই রাজ্য। ডেমোক্র্যাটদের আধিপত্য থাকা এই রাজ্যে ২০১৬ সালে জেতেন রিপাবলিকানদের ট্রাম্প। ২০২০-তে ফের ডেমোক্র্যাটদের দখলে যায় এই রাজ্য। ২০২৪ এর নির্বাচন চলাকালীন ফের শিরোনামে এই সুইং স্টেট।

পেনসিলভেনিয়ার (Pennsylvania) ফিলাডেলফিয়ায় আধিকারিকদের বিরুদ্ধে ভোটে কারচুপি করার অভিযোগ তোলেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই ট্রাম্পের দাবি ভিত্তিহীন বলে দাবি করেন আধিকারিকরা। ফিলাডেলফিয়ায় সকাল থেকেই ব্যাপক ভোটদানের খবর মিলেছিল। কিন্তু সেখানের কারচুপির অভিযোগ আনলেন রিপাবলিকানদের প্রার্থী।
শহরের এক প্রশাসনিক আধিকারিক জানান, ট্রাম্পের করা পোস্ট আরও একটা ভুয়ো খবর ছড়ানোর প্রচেষ্টা মাত্র। একই দাবিতে সরব হয়েছে ফিলাডেলফিয়ার পুলিশ ও জেলা প্রশাসনও। জেলার অ্যাটর্নি ল্যারি ক্রাসনারের দাবি, "ট্রাম্পের অভিযোগের কোনও প্রমাণ নেই। ট্রাম্প যদি প্রমাণ করতে পারেন, তাহলে এক্ষুণি তা শুনতে রাজি আমরা।" ট্রাম্পের অভিযোগ উড়িয়ে দেন ফিলাডেলফিয়া শহরের কমিশনার শেঠ ব্লুস্টিন।
মঙ্গলবার ঘরের কাছে ফ্লোরিডার পাম বিচে ভোট দিয়েছেন ট্রাম্প। জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে মেটার পরও যদি হেরে যান, তাহলে সেই পরাজয় মাথা পেতে নেবেন। অন্যদিকে নিজের রাজ্য ক্যালিফোর্নিয়ায় মেলেই নিজের ভোট দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস।












Click it and Unblock the Notifications