ভোট গণনা ঘিরে চরম উত্তেজনা, ট্রাম্প হার নিশ্চিত হতেই আমেরিকা জুড়ে অরাজকতা
কোথাও ভোটগণনা জারি রাখার দাবি, তো কোথাও আবার ভোট গণনা স্থগিত করার দাবি। এভাবেই ধীরে ধীরে মার্কিন মুলুকে ভোট গণনাকে ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। অ্যারিজোনার ফিনিক্স হোক বা নিউ ইয়র্কের ম্যানহ্যাটন, এই এলাকাতে ডোনাল্ড ট্রাম্প পিছিয়ে পড়তেই ভোট গণনা জারি বা ভোট ফের গোণার দাবিতে রাস্তায় নেমেছেন শত শত লোক।

পেনসিলভেনিয়ায় ভোট স্থগিত রাখার দাবি
অপরদিকে পেনসিলভেনিয়ার মতো রাজ্যে যেখানে ট্রাম্প এগিয়ে রয়েছেন সেখানে ভোট গণনা স্থগিত রাখার দাবিতে ভোট গণনা কেন্দ্রের বাইরে ভিড় জমিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন রিপাবলিকান সমর্থকরা। এদিকে পেনসিলভেনিয়া পৌঁছেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের ছেলেও। পাশাপাশি পেনসিলভেনিয়ায় ভোট স্থগিত রাখার আর্জি জানিয়ে সুপ্রিমকোর্টেও মামলা দায়ের করেছে ট্রাম্পের দল। যদিও ট্রাম্পের ভোট গণনা বন্ধের হুঁশিয়ারি উড়িয়ে দিয়ে পেনসিলভেনিয়ার গভর্নর জানান, গণনা চলবে।

অ্যারিজোনায় বাইডেনের জয় নিশ্চিত হতেই রাস্তায় বিক্ষোভ
এদিকে অ্যারিজোনায় বাইডেনের জয় ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের তরফে। খাতায় লেখা যদিও এখনও সেই রাজ্য জেতার সম্ভানা রয়েছে ট্রাম্পের। আর তাই সব ভোট গুণতে হবে, এই দাবিতে অ্যারিজোনার ফিনিক্সের রাস্তায় নেমেছেন রিপাবলিকান সমর্থকরা। এখনও সে রাজ্যে প্রায় ৪ লক্ষ ভোটের গণনা বাকি রয়েছে।

অ্যারিজোনার পরিসংখ্যান
অ্যারিজোনায় এখনও পর্যন্ত ৮৬ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। এপি-র পূর্বাভাস, ঐতিহাসিক ভাবে রিপাবলিকান হিসাবে পরিচিত হলেও এই রাজ্যে এবার হয়ত নীল ঝড় বইতে চলেছে। ১৯৯৬ সালে শেষ বার কোনও ডেমোক্র্যাট এই রাজ্য জিতেছিলেন। বিল ক্লিন্টনের পর এবার বাইডেন সেই নজির গড়তে চলেছেন বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত সে রাজ্যে বাইডেন পেয়েছেন ৫০.৭ শতাংশ ভোট। ট্রাম্পের ঝুলিতে গিয়েছে ৪৭.৯ শতাংশ ভোট।

ট্রাম্প বিরোধী বিক্ষোভ
এদিকে মঙ্গলবার গভীর রাতে ভোট গণনা চলাকালীন ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প বিরোধী ব্যানার নিয়ে প্রতিবাদ দেখান একশোর বেশি বাসিন্দা। ওয়াশিংটন ডিসি-র বিএমএল প্লাজায় ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন শুরু হয়। ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি বাঁধে।

'ট্রাম্পকে সরিয়ে দাও, 'ট্রাম্প সবসময় মিথ্যা বলেন'
মার্কিন রাজধানীতে বিক্ষোভ প্রদর্শনকারী একশোর বেশি বাসিন্দার হাতে ছিল বড় বড় ব্যানার। সেই ব্যানারে লেখা- 'ট্রাম্পকে সরিয়ে দাও' এবং 'ট্রাম্প সবসময় মিথ্যা বলেন'। পুলিশ বিক্ষোভকারীদের আটকাতে সাইকেল দিয়ে ব্যারিকেড তৈরি করে। ঘটনাস্থলের কিছুটা দূরেই হোয়াইট হাউজ। ভোট গণনাকে কেন্দ্র করে হোয়াইট হাউজে নিরাপত্তা জোরদার করা হয়েছে।












Click it and Unblock the Notifications