যৌন দৃশ্যে অভিনয় করা শিল্পীদের কন্ডোম পরা বাধ্যতামূলক করা হোক, এই নির্বাচনে চাইছে ক্যালিফোর্নিয়া
প্রাপ্তবয়স্ক ছবিতে অভিনয় যাঁরা করেন তাঁদের কন্ডোম পরতেই হবে, বলছে 'প্রপোজিশন ৬০'; এর ফলে ব্যবসা মার খাবে, বলছে বিরোধীরা
ক্যালিফোর্নিয়া, ৮ নভেম্বর : এই মার্কিন নির্বাচনে যখন হিলারি না ট্রাম্প এই নিয়ে চলছে প্রবল তরজা, তখন সেদেশের ক্যালিফোর্নিয়া রাজ্যের এক অনন্য বিষয়ের উপর মতদান পর্বে ব্যস্ত। সেটা হল: সেখানকার প্রাপ্তবয়স্ক ছবিতে অভিনয় করা শিল্পীদের কন্ডোম পরা বাধ্যতামূলক হওয়া উচিত কি না?
কর্মক্ষেত্রে সুরক্ষার কথা মাথায় রেখেই বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে ক্যালিফোর্নিয়া রাজ্যে, যেখানে অবস্থিত দুনিয়া-কাঁপানো ফিল্ম ইন্ডাস্ট্রি হলিউড।

যাঁরা বিষয়টির হয়ে কণ্ঠ ছাড়ছেন, তাঁদের বক্তব্য এই শিল্পীদের কন্ডোম পরতে বাধ্য করা উচিত কারণ সাম্প্রতিককালে এই ইন্ডাস্ট্রিতে কাজ করা বেশ কিছু অভিনেতার শরীরে এড্স সংক্রমণ ধরা পড়েছে। 'প্রপোজিশন ৬০'-এর অন্তর্গত এই বিষয়টির উপরে বিতর্ক এই নির্বাচনের একটি বড় অধ্যায় হিসেবেই দেখা হচ্ছে।
যদি বিষয়টির পক্ষে ভোটাররা সায় দেন, তাহলে প্রাপ্তবয়স্ক ছবির প্রযোজক, ডিস্ট্রিবিউটর এবং এজেন্টরা যদি আইনভঙ্গ করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
অবশ্য এই বিষয়টির উপরে সবাই যে সহমত তা নয়। 'প্রপোজিশন ৬০'-এর বিরোধীদের মতে, যদি কোনও যৌনসঙ্গমের দৃশ্যে কন্ডোম দেখা না যায়, তাহলেই কর্মীরা আইনের রোষানলে পড়বেন এবং শেষ পর্যন্ত ব্যবসা ক্যালিফোর্নিয়ার বাইরে অন্য রাজ্যে সরিয়ে নিতে বাধ্য হবেন প্রযোজকরা, জানিয়েছে ইউএসএ টুডে-এ একটি প্রতিবেদন।
আর সত্যিই যদি তা হয়ে থাকে, তাহলে ক্যালিফোর্নিয়ার এই কোটি টাকার 'পর্ন ভ্যালি' ইন্ডাস্ট্রি বিরাট ক্ষতির সম্মুখীন হবে।
ক্যালিফোর্নিয়া রাজ্যের কর্মক্ষেত্রে সুরক্ষা দেখাশোনা করে যে এজেন্সি -- ক্যাল-ওসা -- তাঁকে ইতিমধ্যে দায়িত্ব দেওয়া হয়েছে যৌন দৃশ্যে অভিনয় করার সময়ে শিল্পীরা যেন কন্ডোম পরেন। ২০১২ সালের নির্বাচনের সময়েও এই ইস্যুটি জনসমক্ষে আসে বলে জানিয়েছে ইউএসএ টুডে।
'প্রপোজিশন ৬০'-র সমর্থকরা অবশ্য জানিয়েছেন যে এই ক্ষেত্রে আইন তত কঠোর নয় যে প্রযোজকরা ক্যালিফোর্নিয়া থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার কথা ভাববেন।
তবে উদ্বিগ্ন হওয়ার মতো খবর শুনিয়েছে ফর এডাল্ট ইন্ডাস্ট্রি রেস্পন্সিবিলিটি কমিটি। পর্ন ইন্ডাস্ট্রিতে অভিনয় করেন এমন প্রতি চারজন শিল্পীর মধ্যে একজন যৌন রোগে আক্রান্ত। কমিটির তরফ থেকে আশঙ্কা করা হয়েছে যে এই আক্রান্ত ব্যক্তিরা ইন্ডাস্ট্রির বাইরের মানুষের সঙ্গেও যৌন সম্পর্ক রাখেন আর তাতে এই রোগ সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার প্রবল সম্ভবনা থেকে যায়। জনস্বাস্থ্যের কথা ভেবেই এখন কর্তৃপক্ষ কন্ডোম পরা বাধ্যতামূলক করতে চাইছেন।
তবে তাতে বিরোধীরা খুব একটা আস্বস্ত হচ্ছেন না। রিপাবলিকান এবং ডেমোক্র্যাটিক পার্টির মতো বড় দু'টি রাজনৈতিক দলও 'প্রপোজিশন ৬০'-এর বিরোধিতা করেছে বলে জানিয়েছে ইউএসএ টুডে।












Click it and Unblock the Notifications