ভারতের সঙ্গে সম্পর্ক মেরামতের ডাক মার্কিন কংগ্রেস সদস্যদের, ট্রাম্পকে কড়া বার্তা
ওয়াশিংটনের রাজনৈতিক ময়দানে এবার সরব হলেন একদল মার্কিন কংগ্রেস সদস্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তাঁরা সরাসরি আবেদন জানিয়েছেন দ্রুত ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপোড়েনের সম্পর্ক পুনরুদ্ধারের উদ্যোগ নিন। শুধু তাই নয়, সাম্প্রতিক শুল্কবৃদ্ধি প্রত্যাহার করারও অনুরোধ জানিয়েছেন তাঁরা।

ডেমোক্র্যাট কংগ্রেসওমেন ডেবোরা রোস ও কংগ্রেসম্যান আর ও খান্নার নেতৃত্বে মোট ২১ জন মার্কিন কংগ্রেস সদস্য যৌথভাবে এই চিঠি পাঠান হোয়াইট হাউসে। তাদের বক্তব্য ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, আর এই দুই দেশের সম্পর্কের অবনতি উভয় পক্ষের অর্থনীতি ও কূটনীতি দুই ক্ষেত্রেই ক্ষতিকর।
চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালের অগাস্টে ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর আমদানি শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেয়, যার মধ্যে ২৫ শতাংশ 'পারস্পরিক' শুল্ক ও আরও ২৫ শতাংশ ছিল ভারতের রাশিয়া থেকে জ্বালানি আমদানির প্রতিক্রিয়া হিসেবে আরোপিত। এই পদক্ষেপকে তাঁরা "দণ্ডমূলক ব্যবস্থা" বলে অভিহিত করেছেন, যা ক্ষতিগ্রস্ত করছে ভারতীয় প্রস্তুতকারক ও মার্কিন ভোক্তা সহ উভয়কেই।
কংগ্রেস সদস্যদের মতে, ভারত এখন মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। সেমিকন্ডাক্টর, স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে শক্তি প্রযুক্তি পর্যন্ত নানা শিল্পক্ষেত্রে ভারতীয় উপাদানের উপর নির্ভর করে আমেরিকার উৎপাদন ব্যবস্থা। অপরদিকে, ভারতের বিনিয়োগও মার্কিন স্থানীয় অর্থনীতিতে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দিয়েছে।
চিঠিতে তাঁরা সতর্ক করে বলেন, যদি শুল্কের এই উত্তেজনা বজায় থাকে, তবে তা শুধু দুই দেশের অর্থনীতিকেই নয়, কৌশলগত সম্পর্ককেও বিপন্ন করবে বলেও মনে করা হচ্ছে। এরফলে ভারত আরও ঘনিষ্ঠ হতে পারে চীন ও রাশিয়ার সঙ্গে। তাঁদের বক্তব্য, "ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের ভূমিকা এখন স্থিতিশীলতার প্রতীক, কোয়াডের মতো মঞ্চে ভারতকে পাশে পাওয়া আমেরিকার পক্ষে কৌশলগতভাবে অপরিহার্য।"
পরিশেষে যৌথ বিবৃতিতে ২১ জন কংগ্রেস সদস্য একসুরে লেখিছেন "গণতন্ত্র, স্বাধীনতা ও উভয়ের শ্রদ্ধাবোধ এই তিন নীতির উপর দাঁড়িয়ে আছে মার্কিন ও ভারতের সম্পর্ক। অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকে এই অংশীদারিত্ব অপরিহার্য।"












Click it and Unblock the Notifications