পথ দুর্ঘটনার হাত থেকে মালকিনকে বাঁচিয়ে 'হিরো' ফিগো
নিউ ইয়র্ক, ১৫ জুন : বলা হয়, ঠিকভাবে সারমেয়দের পোষ মানালে তাদের মতো বিশ্বাসী পোষ্য আর কোনও প্রাণী হয় না। এই কথাটাকেই যেন ফের একবার সঠিক বলে প্রমাণ করল সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রের এক সারমেয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে মালকিনকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে গিয়ে নিজে চলন্ত বাসের সামনে ঝাঁপ দিল আট বছরের গোল্ড রিট্রিভার প্রজাতির কুকুর।

জানা গিয়েছে, মিসেস স্টোন নামে এক জনৈক মহিলা রাস্তা পার হওয়ার সময় হঠাৎ তিনি একটি চলন্ত মিনি বাসের সামনে এসে পড়েন। বাসটিতে কিন্ডারগার্টেন স্কুলের ছোট ছেলে-মেয়েরা ভর্তি ছিল। মালকিনের নিশ্চিত বিপদ বুঝতে পেরেই চলন্ত বাসের সামনে ঝাঁপ দিয়ে তাঁকে বাঁচানোর চেষ্টা করে মিসেস স্টোনের প্রিয় পোষ্য 'ফিগো'।
দুর্ঘটনার পর মিসেস স্টোনের পাজরের তিনটি হাড় ভেঙে গিয়েছে। ডান হাতের কনুঁইয়ে ও গোড়ালিতেও জোর আঘাত লেগেছে। অন্যদিকে ফিগোরও সামনের দিকের ডান পায়ের হাড় ভেঙে গিয়েছে। তবে খুশির খবর ফিগো ও তার মালকিনের প্রাণহানি ঘটেনি।
৬২ বছরের মিসেস স্টোন জানিয়েছেন, গত ছয় বছর ধরে ফিগো তার সঙ্গে রয়েছে। তাঁর কথায়, "আমরা দু'জন দু'জনকে ভালোবাসি।"
দুজনের একে অপরের প্রতি এই ভালোবাসাই বোধহয় একে অপরের প্রাণ বাঁচাতে সাহায্য করেছে, এমনটাই জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা।












Click it and Unblock the Notifications