ইউক্রেনে থাকা ভারতীয়দের সুরক্ষায় তৎপর ভারত, যুদ্ধ পরিস্থিতিতে রাখা হচ্ছে কড়া নজর জানাল বিদেশমন্ত্রক
ইউক্রেনে থাকা ভারতীয়দের সুরক্ষায় তৎপর ভারত, যুদ্ধ পরিস্থিতিতে রাখা হচ্ছে কড়া নজর জানাল বিদেশমন্ত্রক
বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন৷ এর পরই দেশের বিদেশমন্ত্রক ইউক্রেনের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বলে জানানো হয়েছে। বিদেশ মন্ত্রকে উচ্চপর্যায়ের বৈঠক চলছে এবং জরুরি পরিকল্পনাগুলি কার্যকর করা হচ্ছে। মন্ত্রকের সূত্রের খবর ইউক্রেনে ভারতীয়দের, বিশেষ করে ছাত্রদের সুরক্ষার দিকে মনোনিবেশ করছে বিদেশমন্ত্রক৷ আকাশপথ বন্ধ হওয়ার জন্য ইউক্রেন থেকে বেরিয়ে আসার বিকল্প রুট খোঁজা হচ্ছে। বিদেশ মন্ত্রকের কন্ট্রোল রুম খোলা হয়েছে যা পরিস্থিতি মোকাবেলায় ২৪ ঘন্টা খোলা থাকবে৷ এর আগে একজন ভারতীয় ছাত্রের সঙ্গে দেশের একটি সংবাদমাধ্যম কথা বলে, যেখানে ছাত্রটি জানিয়েছে যে তাকে উদ্ধার করা এবং যত তাড়াতাড়ি সম্ভব ভারতে ফিরিয়ে আনার জন্য অপেক্ষা করছে সে৷ ।

ইতিমধ্যে, ইউক্রেনের ভারতীয় দূতাবাস দেশটিতে থাকা ভারতীয় নাগরিকদের কিয়ভ যাওয়া থেকে বিরত থাকার এবং রাশিয়ার পূর্ণ আক্রমণ শুরু করার পরে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে। কিয়ভের পশ্চিমাঞ্চল থেকে ভ্রমণকারীরা সহ সকলকে অস্থায়ীভাবে তাদের নিজের শহরে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ইউক্রেনে ভারতীয় দূতাবাস সম্পূর্ণরূপে কার্যকরী এবং আরও অতিরিক্ত রুশভাষী কর্মকর্তাদের সেখানে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে৷
বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন পুতিন। তিনি এদিন বলেন এই সামরিক পদক্ষেপ ইউক্রেনকে অসামরিকীকরণ করানোর জন্য এবং ইউক্রেনের হুমকির প্রতিক্রিয়া হিসাবে এসেছে। তাঁর ঘোষণার কিছুক্ষণ পরই ইউক্রেনের বিভিন্ন স্থানে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়। অন্যদিকে রাষ্ট্রসংঘের জরুরি বৈঠকে ইউক্রেনের প্রতিনিধি সবার কাছে 'যুদ্ধ বন্ধ করার' আবেদন জানিয়েছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পুতিনের আক্রমণের আদেশের নিন্দা করেছেন এবং বলেছেন যে তিনি রাশিয়ার আগ্রাসনের জবাব দিতে ন্যাটো মিত্রদের সঙ্গে মিলে ব্যবস্থা নেবেন৷
প্রসঙ্গত, এর আগে ২১ এ ফেব্রুয়ারী, পুতিন পূর্ব ইউক্রেনের দুটি রাশিয়াপন্থী বিচ্ছিন্ন অঞ্চলকে স্বাধীন সত্তা হিসাবে স্বীকৃতি দিয়েছেন৷ ২২, ফেব্রুয়ারি, পুতিকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করে নেওয়ার আহ্বান জানান ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি। পুতিনকে ফোন করে তিনি আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। ২৩ ফেব্রুয়ারি পুতিন জানিয়েছিলেন আলোচনা হতে পারে তবে দেশের স্বার্থ ক্ষুন্ন করে নয়।












Click it and Unblock the Notifications