Ukraine-Russia War: রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ এবার থামতে চলেছে? বড় ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের! এরপরেই...
Ukraine-Russia War: গত প্রায় কয়েক বছর কেটে গিয়েছে! অবশেষে আশার আলো। শান্তিচুক্তিতে রাজি হয়েছে ইউক্রেন, এমনটাই দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সম্প্রতি সৌদি আরবের জেড্ডায় শান্তি সংক্রান্ত একটি আলোচনা হয়। আর তারপরেই ট্রাম্পের দাবি, এবার রাশিয়াও শান্তির পথে হাঁটতে রাজি হবে। যেভাবে রাশিয়া এবং ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতিতে প্রচুর সেনার মৃত্যু হয়েছে তাতে শান্তিচুক্তি খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করেছেন ট্রাম্প।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ''কিছুক্ষণ আগে শান্তিচুক্তিতে রাজি হয়েছে ইউক্রেন। এবার আমাদের রাশিয়ার কাছে যেতে হবে। আশা করা যায় প্রেসিডেন্ট পুতিনও রাজি হয়ে যাবেন''। শুধু ইউক্রেন কিংবা রাশিয়ার মানুষেরই নয়, বাইরের বহু মানুষের মৃত্যু হয়েছে এই যুদ্ধে। তাই এই পরিস্থিতি (Ukraine-Russia War) শেষ হওয়া খুবই জরুরি বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট।

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প উল্লেখ করেছেন, রাশিয়া যদি এই চুক্তিতে রাজি না হয় তাহলে আগামদিনে এই যুদ্ধে আরও বহু মানুষের মৃত্যু হবে। প্রথমে ইউক্রেন রাজি না হলেও সম্প্রতি ট্রাম্পের প্রস্তাবে রাজি হয়েছে সে দেশ। আমেরিকা যে ৩০ দিনের যুদ্ধ বিরতির প্রস্তাব দিয়েছিল তা মেনে নিয়েছে ইউক্রেন। তবে দুই দেশ অর্থাৎ ইউক্রেন এবং রাশিয়ার আলোচনার= ভিত্তিতে সেই মেয়াদ আরও বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে।
অন্যদিকে দুই দেশের মধ্যে যুদ্ধ বিরোতি হলেই আমেরিকাও তাঁদের কথা মতো নিরাপত্তা ইউক্রেনকে দেবে। এমনটাই দাবি প্রকাশিত সংবাদমাধ্যমে। সৌদি আরবের জেড্ডায় আমেরিকা এবং ইওউক্রেনের প্রতিনিধিদের দীর্ঘ বৈঠক হয়। আর এই বৈঠক শেষে যৌথ বিবৃতিতে বলা হয়েছে, 'আমেরিকা রাশিয়ার সঙ্গে যুদ্ধ বিরতি নিয়ে কথা বলবে'। এমনকী ইউক্রেনকে সম্পূর্ণ ভাবে আমেরিকা নিরাপত্তা দেবে বলেও দাবি করা হয়েছে ওই যৌথ বিবৃতিতে।
ওই বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে বন্দিদের মুক্তি, সাধারণ মানুষের মুক্তি। সর্বপরি জোর করে আটকে রাখা ইউক্রেনের শিশুদের কথাও দুই দেশ অর্থাৎ আমেরিকা এবং ইউক্রেনের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। এখন দেখার এই আলোচনা আলোর মুখ দেখে কিনা।
বলে রাখা প্রয়োজন, দীর্ঘ সময় ধরে চলা রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ থামাতে উদ্যোগী হন ডোনাল্ড ট্রাম্প। গত কয়েকদিন আগে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনাও করেন ট্রাম্প। যদিও তা উত্তপ্ত হয়ে ওঠে এবং ভেস্তে যায়।












Click it and Unblock the Notifications