এবারে আমিরশাহির আস্ত তেলের ট্যাঙ্কার উধাও ইরানের জলসীমার মধ্যে! মার্কিন তর্জনী উঠছে তেহরানের দিকে
ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করার পর থেকেই হরমুজ প্রণালীতে ঘটে চলেছে নানা অশান্তি।
ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করার পর থেকেই হরমুজ প্রণালীতে ঘটে চলেছে নানা অশান্তি। গত মে মাসে ওমান খাঁড়িতে চারটি বাণিজ্য তরীতে আক্রমণ হানা হয় আর তাই নিয়ে ইরানকে কাঠগড়ায় চাপায় পশ্চিম বিশ্ব। আর এবারে সংযুক্ত আরব আমিরশাহির ' এম টি রিয়াহ' নামক একটি ছোট জ্বালানিবাহী জাহাজ উধাও হল ইরানের জলসীমানার মধ্যে প্রবেশের সঙ্গে সঙ্গে। জাহাজটি হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে গিয়ে প্রবেশ করেছিল ইরানের জলসীমার মধ্যে। ট্যাঙ্কারটি আমিরশাহীতে অবস্থান করলেও তাতে পানামার পতাকা ছিল বলে জানা গিয়েছে।

ট্যাঙ্কারটি নিখোঁজ হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র সন্দেহ প্রকাশ করেছে যে এর পিছনেও ইরানের হাত রয়েছে। ওই অঞ্চলে উত্তেজনার পারদ যখন ক্রমেই চড়ছে, সেই সময়ে তেহরান ফের একটি প্ররোচনামূলক কাজ করেছে বলে মঙ্গলবার, ১৬ জুলাই, অভিযোগ এনেছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক কর্তা, জানিয়েছে এসোসিয়েটেড প্রেস। বলা হয়েছে যে দু'দিন আগে ট্যাঙ্কারটির 'ট্র্যাকার'ও বন্ধ করে দেওয়া হয়েছে।
নিখোঁজ হওয়া জাহাজটি থেকে কোনও বিপদ সংকেত আসেনি, বলেছে আমিরশাহী
ইরানের পক্ষ থেকে যদিও ওই জাহাজটির নিখোঁজ হওয়ার ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি। আমিরশাহির এক আধিকারিকের মতে, জাহাজটি থেকে কোনও বিপদ সংকেতও পাঠানো হয়নি কোথাও। বারবার মধ্য এশিয়ার জলপথে জ্বালানিবাহী ট্যাঙ্কার আক্রমণের কবলে পড়ার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের সংঘাত আরও তীব্র হচ্ছে। ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা লাগু হওয়ার পর থেকেই মধ্য এশিয়ার দেশটির পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি দেওয়া চলছে। গত বছর মে মাসে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে হওয়া বহুপাক্ষিক পরমাণু চুক্তি থেকে নিজের দেশের নাম প্রত্যাহার করে নেন এবং পরিস্থিতি তার পরেই ঘোরালো হতে শুরু করে।
মার্কিন পদক্ষেপের বিরোধিতা করে ইরান তার ইউরেনিয়াম উৎপাদন আরও বাড়াতে শুরু করে এবং ইউরোপের উপরে চাপ দিতে থাকে বিদেশে তার খনিজ তেলের বিক্রির বাজার করে দিতে।
এরই মধ্যে, ওয়াশিংটনের পক্ষ থেকেও মধ্য এশিয়া অঞ্চলে সেনা এবং সামরিক সরঞ্জাম পাঠানোর উপরে জোর দেওয়া হয়। তাদের একটি ড্রোনকে ইরানের সেনা গুলি করে নামালে প্রায় যুদ্ধ লাগার পরিস্থিতিও তৈরী হয়ে গিয়েছিল সম্প্রতি।












Click it and Unblock the Notifications