শেষ পর্যন্ত নতিস্বীকার বোর্ডের, ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে এলন মাস্ক কিনছেন টুইটার
সব জল্পনার অবসান ঘটিয়ে মাইক্রোব্লগিং সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম টুইটার কিনে নিচ্ছেন বিশ্বের সবচেয়ে ধনী উদ্যোগপতি এলন মাস্ক। তিনি দিন কয়েক আগে ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব দেন এই সংস্থাকে কিনে নিতে। ইলন মাস্কের এই প্রস্তাবে অবশেষে টুইটারের বোর্ড সম্মতি জানিয়েছে বলে জানা গিয়েছে।

অর্থাৎ এবার সরকারিভাবে টুইটারের মালিকানা আসতে চলেছে এলন মাস্কের হাতে। সকলকে চমকে দিয়ে প্রায় সপ্তাহ দুয়েক আগে টুইটারের মালিকানা নিজের নামে করতে আকর্ষণীয় প্রস্তাব দেন মাস্ক। তাই নিয়ে সারা বিশ্বে হইচই পড়ে গিয়েছিল। ফেক অ্যাকাউন্ট সরিয়ে দেওয়া থেকে শুরু করে কনটেন্টে বিধি-নিষেধে কিছুটা ছাড়ের পক্ষে মত দিয়েছিলেন এলন মাস্ক। প্রথমে টুইটারের তরফে মাস্কের এই প্রস্তাবকে উড়িয়ে দেওয়া হলেও শেষে তারা প্রস্তাবে সম্মতি জানাতে কার্যত বাধ্য হয়েছেন।
ইলন মাস্ক ফোর্বস ম্যাগাজিনের বিচারে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তাঁর ২৭৩.৬ বিলিয়ন মার্কিন ডলার সম্পত্তি রয়েছে। ইলেকট্রিক গাড়ি নির্মাতা সংস্থা টেসলার তিনি কর্ণধর এছাড়াও স্পেসএক্স সংস্থার কর্ণধারও তিনি।
🚀💫♥️ Yesss!!! ♥️💫🚀 pic.twitter.com/0T9HzUHuh6
— Elon Musk (@elonmusk) April 25, 2022
এপ্রিলের শুরুতেই টুইটারের শেয়ার হোল্ডারদের মধ্যে সবচেয়ে এগিয়ে যান এলন মাস্ক। তার দখলে ছিল সবচেয়ে বেশি ৯.২% মালিকানা। তাঁকে টুইটার বোর্ডে আমন্ত্রণ জানানো হলেও তিনি তা ফিরিয়ে দেন। এবং গত ১৪ এপ্রিল সংস্থাকে কিনে নিতে সবাইকে চমকে দেওয়া প্রস্তাব দেন।
এদিন শেয়ার হোল্ডারদের সঙ্গে বৈঠকের পর টুইটার জানিয়েছে, ৫৪.২০ ডলার প্রতি শেয়ারের চুক্তি হয়েছে। এর আগে টুইটারকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার ঘোষণা করেন এলন মাস্ক। এদিনও একই কথার প্রতিধ্বনি শোনা গিয়েছে তাঁর গলায়।












Click it and Unblock the Notifications