Tulsi Gabbard: মার্কিন আইনসভার প্রথম হিন্দু সদস্যকে 'গুরুদায়িত্ব' ট্রাম্পের, গোয়েন্দা প্রধান হবেন তুলসী
Tulsi Gabbard: আমেরিকার গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ প্রধান হিসেবে আইনসভার প্রথম হিন্দু সদস্য তুলসী গাবার্ডকে নিয়োগ করলেন ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। গোয়েন্দা দফতরের পরবর্তী ডিরেক্টর (US Intelligence Director) হতে চলেছেন তুলসী। পাশাপাশি, মার্কিন প্রেসিডেন্টের শীর্ষ গোয়েন্দা উপদেষ্টা হিসেবেও দায়িত্ব সামলাবেন তুলসী।
২০২২ সালে ডেমোক্রেটিক পার্টি ছেড়ে নির্দল হয়ে যান তুলসী গাবার্ড। ডেমোক্র্যাটদের ২০ বছরের পুরোনো সদস্য ছিলেন তিনি। বাইডেন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দল ছাড়েন তিনি। তবে এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পক্ষে ছিলেন তুলসী। অক্টোবরে নিজেকে রিপাবলিকান ঘোষণা করে ট্রাম্পের হয়ে প্রচার সারেন তিনি। রিপাবলিকানদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন তুলসী।

মার্কিন কংগ্রেসে প্রথম হিন্দু সদস্য হিসেবে নির্বাচিত হন তুলসী। সামোয়া (Samoa) প্রদেশে জন্মগ্রহণ করেন তিনি। হাওয়াইতে (Hawaii) বেড়ে ওঠা তুলসীর। শৈশবের কিছুটা কাটিয়েছেন ফিলিপিন্সেও (Phillipines)। হাওয়াই থেকেই নির্বাচিত হয়ে কংগ্রেসে যান তুলসী। প্রথম হিন্দু সদস্য হিসেবে ভগবত গীতার (Bhagavad Gita) উপর হাত রেখে শপথবাক্য পাঠ করেন তুলসী। শুধু হিন্দু হিসেবেই নয়, সামোয়া প্রদেশ থেকেও প্রথম তিনিই কংগ্রেসে নির্বাচিত হয়েছিলেন।
দুঁদে রাজনীতিবিদ হলেও জাতীয় গোয়েন্দা বিভাগের (US Intelligence Department) কর্তাদের মতো অভিজ্ঞতা নেই তুলসীর। দুই দশকেরও বেশি সময় ধরে মার্কিন সেনার আর্মি ন্যাশনাল গার্ডে কর্মরত ছিলেন তিনি। ইরাক ও কুয়েতে মোতায়েন ছিলেন।
২০০৫ সালে কমব্যাট মেডিক্যাল ব্যাজও পান। এর আগে গোয়েন্দা বিভাগের ডিরেক্টরদের মতো সরকারের কোনও শীর্ষ পদে কাজ করেননি তুলসী। এর আগে অভ্রিল হেইনস প্রথম মহিলা হিসেবে গোয়েন্দা বিভাগের প্রধানের দায়িত্ব সামলেছেন।
তুলসীকে গুরুদায়িত্ব অর্পণ করে আত্মবিশ্বাসী ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি বলেন, "গোয়েন্দা বিভাগে সাহসের সঙ্গে যোগ দেবেন তুলসী। তাঁর বর্ণময় কেরিয়ারই তার সাহসিকতার পরিচয় দেয়। দুই দশকেরও বেশি সময় ধরে দেশের জন্য তথা প্রত্যেক আমেরিকানদের জন্য লড়াই করেছেন তুলসী।"
তুলসী গাবার্ডের স্বামী আব্রাহাম উইলিয়ামস পেশায় একজন সিনেমাটোগ্রাফার। বাবা মাইক গাবার্ড একজন সেনেটর। তুলসীর মা হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন। তুলসীও নিজেকে হিন্দু হিসেবেই পরিচয় দেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বহুদিনের পরিচয় তুলসীর। মোদীকে গীতা উপহারও দেন তুলসী। ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে নির্বাচনে পর্যুদস্ত করতে তাই তুলসীকে হাতিয়ার করেছিলেন ট্রাম্প।












Click it and Unblock the Notifications