Tsunami Alert: ভূমিকম্পে কেঁপে উঠল ক্যালিফোর্নিয়া, ধেয়ে আসছে সুনামি? যা জানাল মার্কিন জিওলজিক্যাল সার্ভে...
Tsunami Warning:আমেরিকার পশ্চিম উপকূলে সুনামির সতর্কতা প্রত্যাহার করল সেদেশের আবহাওয়া দফতর। বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ায় (California) ভূমিকম্পের পর সুনামির সতর্কতা দেওয়া হয়েছিল। রিখটার স্কেলে ভূমিকম্পের (Earthquake) মাত্রা ছিল ৭.০। তীব্র কম্পনের জেরে ক্যালোফোর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরে সুনামির হলুদ সতর্কতা জারি করে মার্কিন জিওলজিক্যাল সার্ভে।
ভূমিকম্পের জেরে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। তবে কম্পন অনুভূত হয়েছে সান ফ্রান্সিসকোর (San Francisco) দক্ষিণেও। বেশকয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভব করেন সেখানের বাসিন্দারা। ভূমিকম্পের পর ছোট ছোট আফটারশকও অনুভূত হয়। তবে বড় কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি।

জানা গিয়েছে, ভূমিকম্পের উপকেন্দ্র উপকূলের ফার্নডেল নামের ছোট্ট একটি শহরে। বৃহস্পতিবার সকাল পৌনে এগারোটা নাগাদ কম্পন প্রথম অনুভূত হয়। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার উপকূলে প্রায় ৮০৫ কিলোমিটার বরাবর কম্পন অনুভূত হয়েছে। উত্তরে অরিগনের মন্টেরি থেকে দক্ষিণ পর্যন্ত ৫০০ মাইল এলাকা কেঁপে উঠেছে এদিন। যার জেরেই সুনামির সতর্কতা জারি করা হয়েছিল।
সুনামির সতর্কতা জারি হওয়া মাত্রই উপকূলের শহরগুলিতে তৎপরতা শুরু হয়। মানুষজনকে নিরাপদ স্থানে নিয়ে যেতে শুরু করে প্রশাসন। অপেক্ষাকৃত উঁচু স্থানে আশ্রয়ের জন্য স্থানীয়দের নিয়ে যাওয়া হয়। উপকূলে অবস্থিত শহর ইউরেকার মেয়র কিম বার্গেল জানান, বড়সড় ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষজনের মধ্যে। বারবার আফটারশক ফিরে আসায় ভয় পেয়ে যান অনেকে।
ভূমিকম্পের জেরে সান ফ্রান্সিসকো ও ওকল্যান্ডের মধ্যে জলের নীচে ভূগর্ভস্থ সুড়ঙ্গে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। তাড়াতাড়ি খালি করে দেওয়া হয় সান ফ্রান্সিসকোর চিড়িয়াখানা। পশু-পাখিদের নিরাপদ স্থানে নিয়ে যায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এরপরই উত্তর ক্যালিফোর্নিয়া জুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়। যদিও পরে তা বাতিল করা হয়।












Click it and Unblock the Notifications