ট্রাম্পের প্রতিশ্রুতি পূরণ শুরু জোরকদমে, নির্বাসন অভিযানের ছবি শেয়ার করে হোয়াইট হাউস জানাল সেই কথা
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণের পর যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছেন। দফায় দফায় সেই অভিযান চলছে। লক্ষ্য একটাই কঠোর অভিবাসন নীতির বলে যেন অবৈধ অভিবাসীদের খুঁজে বের করা যায় এবং মার্কিন মুলুক থেকে চিরতরে নির্বাসিত করা যায়।
শপথ নেওয়ার মাত্র চার দিনের মধ্যেই, মার্কিন কর্তৃপক্ষ ৫৩৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। আর তাঁদেরকে মার্কিন সামরিক বিমানে করেই দেশের বাইরে তাঁদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই অবৈধ অভিবাসীদের মধ্যে সন্দেহভাজন সন্ত্রাসী, ট্রেন ডি আরাগুয়া গ্যাংয়ের সদস্য এবং যৌন অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিরাও রয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই প্রসঙ্গে বলেছেন যে, "এই গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে বহুজনকে সামরিক বিমানের মাধ্যমে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে"। তিনি একে 'ইতিহাসের বৃহত্তম নির্বাসন অভিযান' বলে অভিহিত করেছেন।
ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই কঠোর অভিবাসন নীতি গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে -
১) সীমান্ত নিরাপত্তা এবং অবৈধ অভিবাসন ঠেকাতে সীমান্তে সেনা মোতায়েন।
২) শরণার্থী এবং আশ্রয়প্রার্থীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা।
৩) যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অপরাধীমূলক কার্যকলাপ বন্ধের উপর জোর দেওয়া।
হোয়াইট হাউস তাঁদের এক্স হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছে যেখানে দেখা গেছে, অভিবাসীরা নির্বাসনের জন্য ফ্লাইটে উঠছেন। মার্কিন সেনাদের তৎপরতায় তারা আমেরিকা ছাড়ছেন চিরতরে। সেখানে ক্যাপশনে লেখা, "প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রতিশ্রুতি রাখা হয়েছে"।
ট্রাম্প শপথ গ্রহণের দিনই বলেছিলেন, "আমাদের লক্ষ্য আমেরিকার সুরক্ষা এবং সীমান্তে শৃঙ্খলা ফেরানো। অবৈধ অভিবাসন শুধু আমাদের অর্থনৈতিক কাঠামো নয়, আমাদের জাতীয় নিরাপত্তার জন্যও এক হুমকি বার্তা। এই পরিস্থিতি আর চলতে দেওয়া যাবে না"।
ট্রাম্পের ওই কথাতেই বোঝা গিয়েছিল যে, আর বেশিদিন আমেরিকার বাসিন্দা হয়ে থাকতে পারবেন না অবৈধ অভিবাসীরা। মার্কিন প্রশাসন থেকে মেলা তথ্য বলছে, এই অভিযান এখানেই শেষ নয়। দফায় দফায় চলবে অবৈধ অভিবাসীদের খোঁজে তল্লাশি অভিযান। কেননা ট্রাম্পের একটাই লক্ষ্য, আমেরিকাকে অবৈধ অভিবাসীর হাত থেকে মুক্ত করা।












Click it and Unblock the Notifications