সিএএ-এনআরসি নিয়ে কি নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবেন ডোনাল্ড ট্রাম্প? মুখ খুলল হোয়াইট হাউজ
ভারত সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ধর্মীয় স্বাধীনতার বিষয়টি উত্থাপন করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউজ সূত্রে এমনটাই জানানো হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য ও প্রতিষ্ঠানের প্রতি আমেরিকার পূর্ণ শ্রদ্ধা রয়েছে। প্রসঙ্গত, ট্রাম্পের সফরকালে সিএএ ও এনআরসি নিয়ে দুই দেশের প্রধানদের মধ্যে কথাবার্তা হবে কি না জিজ্ঞাসা করা হলে সাংবাদিকদের এই কথাগুলি বলা হয়।

প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ধর্মীয় স্বাধীনতার বিষয়টি গুরুত্বপূর্ণ
হোয়াইট হাউজ আধাকারিক আরও বলেন, 'সার্বজনীন মূল্যবোধ ও আইনের শাসনকে ধরে রাখার বিষয়ে আমরা গভীর ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য এবং সংস্থাগুলির প্রতি আমাদের প্রচুর শ্রদ্ধা রয়েছে এবং আমরা ভারতকে তাদের ঐতিহ্যকে ধরে রাখতে উৎসাহিত করে চলব। অবশ্যই ভারতীয় সংবিধানে ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি শ্রদ্ধা এবং সমস্ত ধর্মের সাথে সমান আচরণের কথা উল্লেখিত রয়েছে। সুতরাং এটি এমন একটি বিষয় যা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে গুরুত্বপূর্ণ।'

সিএএ, এনআরসি নিয়ে মোদীর সঙ্গে কথা বলবেন ট্রাম্প?
তবে ট্রাম্প এই বিষয়টি প্রধানমন্ত্রী মোদীর সামনে উত্থাপন করবেন কি না তা স্পষ্ট ভাবে না জানালেও আধিকারিক বলেন, 'আমার মনে হয় যে প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীর সাথে তাঁর বৈঠকে এই বিষয়গুলি সম্পর্কে কথা বলবেন। তিনি নরেন্দ্র মোদীকে মনে করিয়ে দেবেন যে বিশ্ব তার গণতান্ত্রিক ঐতিহ্যকে ধরে রাখতে, ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি শ্রদ্ধা অব্যাহত রাখতে ভারতের দিকে তাকাচ্ছে।'

সিএএ নিয়ে মার্কিন রিপোর্ট
এদিকে ট্রাম্পের ভারত সফরের আগেই দুই দেশের সম্পর্কে চিড় ধরার সম্ভাবনা দেখা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল প্যানেল ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যে পর্যবেক্ষণ প্রকাশ করেছে তা নিঃসন্দেহে দু'দেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। সেই রিপোর্টে বলা হয়েছে, ভারতীয় নাগরিকত্ব সংশোধনী আইন আসলে ভারত সরকারের দ্বারা তৈরি একটি ধর্মীয় পরীক্ষা যা নাগরিকত্বের প্রমাণ হিসাবে চাওয়া হচ্ছে।

ভারত জুড়ে সিএএ বিরোধী প্রতিবাদের উল্লেখ মার্কিন রিপোর্টে
রিপোর্টে বলছে, সারা দেশ জুড়েই প্রতিবাদ চলছে এবং সরকার কড়া হাতে প্রতিবাদীদের দমন করতে পথে নেমেছে। মনে করা হচ্ছে এই আইন ভারতীয় নাগরিকদের ধর্মীয় পরীক্ষার পথে ঠেলে দেবে। এবং জাতীয় নাগরিকপঞ্জি শুরু করার আগে এই বিষয়টিকে সামনে আনা হয়েছে। যা ভারতীয় মুসলিমদের মনে আশঙ্কার সৃষ্টি করেছে।












Click it and Unblock the Notifications