বাণিজ্যযুদ্ধ ফের উসকে দিল ট্রাম্প,চিনা দ্রব্যে ১০০ শতাংশ শুল্ক, কার্যকর নভেম্বর থেকে
আবারও উত্তপ্ত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের বাণিজ্যিক সম্পর্ক। গতকাল এক ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আগামী ১ নভেম্বর থেকে চিনা পণ্যের উপর নতুন করে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। চিনের পক্ষ থেকে বিরল খনিজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারির পরই এই সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।

হোয়াইট হাউস থেকে জারি করা এক বিবৃতিতে ট্রাম্প বলেন, "চিন যে নজিরবিহীন অবস্থান নিয়েছে, তার ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র চিনের উপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপ করবে যা বর্তমানে আরোপিত শুল্কের উপরে যোগ হবে।"
এর আগে চিনের পদক্ষেপকে "খুব বিরুপ মনোভাবাপন্ন" বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প। তিনি অভিযোগ করেন, চীন বিশ্বের বিভিন্ন দেশকে চিঠি পাঠিয়ে জানিয়েছে যে বিরল খনিজ উৎপাদন ও রপ্তানির প্রতিটি ধাপের উপর নিয়ন্ত্রণ আরোপ করবে। ট্রাম্পের দাবি, "চিনের কোনও অধিকার নেই গোটা বিশ্বকে বন্দি করে রাখার।"
আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত হবে এপেক সম্মেলন। যেখানে চিনা প্রেসিডেন্ট সি চিন পিং এর সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা নিয়েও মুখ খোলেন ট্রাম্প। তিনি বলেন, "আমি বৈঠক বাতিল করিনি, তবে সেটা আদৌ হবে কি না জানি না। আমি সেখানে থাকবই, কিন্তু চীন হঠাৎই এমন এক আমদানি রপ্তানি নীতি চালু করেছে, যার সম্পর্কে কেউ কিছু জানত না।"
চিন যদি রপ্তানি নিয়ন্ত্রণ শিথিল করে, তবে শুল্ক প্রত্যাহার করবেন কি না এই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, "দেখা যাক কী হয়। সে কারণেই আমি ১ নভেম্বর তারিখটি বেছে নিয়েছি।"
তবে বিশ্লেষকদের মনে করছেন এই ঘোষণা ফের ওয়াশিংটন ও বেজিংয়ের মধ্যে বাণিজ্যযুদ্ধের নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। এর জেরে ওয়াল স্ট্রিটে ব্যাপক পতন হয়েছে নাসডাক সূচক প্রায় ২ শতাংশ নেমে গেছে, পাশাপাশি মার্কিন ডলারের মান প্রধান মুদ্রাগুলির তুলনায় দুর্বল হয়েছে।
এদিকে, বেজিংয়ের বাণিজ্য মন্ত্রক বৃহস্পতিবার জানিয়েছিল, বিরল খনিজ উপাদান ও তার সংশ্লিষ্ট পণ্যের রপ্তানিতে বিশেষ অনুমোদন বাধ্যতামূলক করা হচ্ছে। বিশ্বে বিরল খনিজের উৎপাদন ও প্রক্রিয়াকরণে চিনের প্রাধান্য রয়েছে। চিন জানিয়েছে, এই পদক্ষেপ তাদের 'জাতীয় নিরাপত্তা সুরক্ষার অংশ।
প্রতিরক্ষা ও ইলেকট্রনিক শিল্পের মতো গুরুত্বপূর্ণ খাতে এই পদক্ষেপের প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। যদিও ট্রাম্পের ঘোষণার পর চিনের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া আসেনি।












Click it and Unblock the Notifications