Donald Trump: কানাডা, মেক্সিকো ও চিনের উপর চড়া শুল্ক আরোপ ট্রাম্পের, বিশ্ব বাণিজ্যে বড়সড় সংঘাত!
Donald Trump: দু'দিন আগেই ট্রাম্প বলেছিলেন, যারা আমেরিকার ক্ষতি করে, তাদের উপর অত্যধিক হারে শুল্ক (Tariff) চাপানো হবে। ভারত ও চিনের নামও নিতে দেখা গিয়েছিল তাঁকে। আর শনিবারই চিন, কানাডা ও মেক্সিকোর উপর চড়া আমদানি শুল্ক চাপালেন মার্কিন প্রেসিডেন্ট (US President)। শনিবার এসংক্রান্ত নির্দেশনামায় সইও করেছেন ডোনাল্ড ট্রাম্প।
মেক্সিকো ও কানাডার উপর ২৫ শতাংশ এবং চিনের উপর ১০ শতাংশ হারে আমদানি শুল্ক (Import Duty) চাপানোর নির্দেশ জারি করলেন ট্রাম্প। এই সিদ্ধান্তের জেরে বিশ্ব বাণিজ্যে (Global Trade) বড়সড় প্রভাব পড়তে পারে। এমনকি নতুন বাণিজ্য সংঘাতের সূত্রপাতও ঘটতে পারে।

আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতার আওতায় ন্যাশনাল এমার্জেন্সিও ঘোষণা করেছেন ট্রাম্প। এর মাধ্যমে পুরোনো শুল্ক ব্যবস্থা ফিরিয়ে এনে সংকট মোকাবিলার পথে হাঁটছেন ট্রাম্প। সোমবার রাত ১২টার পর থেকে অর্থাৎ মঙ্গলবার থেকেই শুরু হবে নতুন ব্যবস্থায় শুল্ক সংগ্রহ।
প্রেসিডেন্ট নির্বাচনের আগেই যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পালন করতে গিয়েই ট্রাম্পের এই পদক্ষেপ। আমদানি শুল্ক বাড়িয়ে নাগরিকদের জন্য বিদেশি পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হবে। 'আমেরিকা ফার্স্ট'-এর পথে হাঁটার স্বপ্নে একধাপ এগোলেন ট্রাম্প। তাঁর দাবি, এই শুল্ক ব্যবস্থা অবৈধ অভিবাসন ও পাচার রুখতে সহায়ক ভূমিকা নেবে। একইসঙ্গে দেশীয় উৎপাদন বৃদ্ধি ও সরকারের রাজকোষ ভরাতে সহায়ক হবে।
হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, কানাডা ও মেক্সিকো থেকে আমদানিকৃত শক্তি পণ্যের উপর যথাক্রমে ১০ শতাংশ ও ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে। তাছাড়া কানাডা থেকে ৮০০ ডলারের কমের ছোট চালানগুলির ক্ষেত্রে শুল্ক ছাড় বাতিল করা হয়েছে। উক্ত দেশগুলি যদি আমেরিকার উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে, তাহলে শুল্কের পরিমাণ আরও বাড়ানো হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
তবে ট্রাম্পের এই সিদ্ধান্তে পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছে কানাডা ও মেক্সিকো উভয়েই। নিজেদের বাণিজ্য স্বার্থে অনড় থাকার কথা জানিয়েছে চিনও। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, এটা কখনই কাম্য নয়।
তবে কানাডা এর মোকাবিলা করতে প্রস্তুত। মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি। সন্ধেয় এনিয়ে দেশবাসীর উদ্দেশ্যে বার্তাও দেবেন ট্রুডো। ঠান্ডা মাথায় ভেবে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্টও।












Click it and Unblock the Notifications