Donald Trump: "গাজায় পণবন্দিদের মুক্তি না দিলে চরম পরিণতি হবে," ট্রাম্পের হুমকিতে ভয়ে কাঁপছে হামাস!
Donald Trump: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই বিজয় ভাষণ থেকে গাজায় যুদ্ধ (Israel Gaza war) থামানোর হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর এবার পাকাপাকিভাবে দায়িত্ব নেওয়ার আগে সরাসরি হামাস (Hamas) জঙ্গিগোষ্ঠীকে হুমকি দিলেন ট্রাম্প। গাজায় পণবন্দিদের (Hostages) মুক্তি না দিলে চরম পরিণতি ভুগতে হবে বলে হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ভাবী প্রেসিডেন্টের।
নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প লেখেন, "২০২৫ সালের ২০ জানুয়ারি, আমার প্রেসিডেন্টের চেয়ারে বসার আগে, যদি পণবন্দিদের মুক্তি দেওয়া না হয়, তাহলে মধ্যপ্রাচ্যে এই মানবতার বিরুদ্ধে নৃশংসতার জন্য যারা দায়ী, তাদের চরমতম পরিণতি ভুগতে হবে। এমন দশা হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে যার নজির নেই। পণবন্দিদের এক্ষুণি মুক্তি দেওয়া হোক।"

গাজায় হামাসের সঙ্গে ইজরায়েলের যুদ্ধ বন্ধে যথাযথ কূটনৈতিক পদক্ষেপ নিতে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ব্যর্থ হয়েছেন বলে দাবি উঠেছে বিশ্বজুড়ে। শপথ নেওয়ার আগে গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে চান ডোনাল্ড ট্রাম্প। আর তাই ইজরায়েলের পাশে দাঁড়িয়ে ১৪ মাস আগে গাজায় হামাসের হাতে পণবন্দিদের দ্রুত মুক্ত করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প।
গত ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে ভয়ানক হামলা চালায় হামাস জঙ্গিগোষ্ঠী (Militants)। ইজরায়েলের মাটিতে রক্তগঙ্গা বয়ে যায়। সংবাদসংস্থা এএফপির দেওয়া তথ্য অনুযায়ী ১২০৮ জন নাগরিক মারা যান ওই হামলায়।
২৫৭ জনকে পণবন্দি করে নেয় হামাস। যাদের মধ্যে অনেকেই মারা গিয়েছেন বলে খবর। গাজায় এখনও ৯৭ জন পণবন্দি রয়েছেন বলে জানা গিয়েছে। যদিও ইজরায়েলি সেনার দাবি তাদের মধ্যেও ৩৫ জন মারা গিয়েছেন।
অন্যদিকে প্যালেস্তাইনের স্বাস্থ্যমন্ত্রকের দাবি, গাজায় ইজরায়েলি সেনার হামলায় মারা গিয়েছেন মোট ৪৪ হাজার ৪২৯ জন। রাষ্ট্রপুঞ্জও তাতে সায় দিয়েছে। এদিকে, লেবাননে হিজবুল্লার সঙ্গে ইজরায়েলের সংঘর্ষ এখনও অব্যাহত। ইজরায়েলে সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী হিজবুল্লা।
পাল্টা আক্রমণ শানিয়েছে ইজরায়েলও। যুদ্ধবিরতি ঘোষণার এক সপ্তাহের মধ্যেই সোমবার লেবাননের আকাশে এয়ারস্ট্রাইক চালাল বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। আকাশপথে হামলায় অন্ততপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গত বুধবারই ৬০ দিনের যুদ্ধবিরতির পক্ষে সমঝোতা হয়েছিল। আর তার সপ্তাহ না পেরোতেই ফের যুদ্ধ।












Click it and Unblock the Notifications