Donald Trump: বিশ্ব বাজারে পতন, তবু শুল্ক যুদ্ধ থেকে সরছেন না ট্রাম্প! বললেন, "রোগ সারাতে কড়া ওষুধ খেতে হয়"
Donald Trump: ট্রাম্পের একের পর এক সিদ্ধান্তে রুষ্ট জনতা। আমেরিকার রাস্তায় জনরোষ নেমে এসেছে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে। পারস্পারিক শুল্কনীতির জেরে বিশ্ব বাজারে পতন লক্ষ্য করা গিয়েছে। ক্ষতির সম্মুখীন আমেরিকার বাজারও। যদিও নিজ সিদ্ধান্তেই অনড় ট্রাম্প। তাঁর দাবি, রোগ সারাতে হলে কখনও কখনও ওষুধও খেতে হয়।
রবিবার নিজ সিদ্ধান্তে অনড় থাকার ইঙ্গিত দিয়ে দিলেন ট্রাম্প। শুল্কযুদ্ধ থেকে যে তিনি এক ইঞ্চিও নড়বেন না, তাই বুঝিয়ে দিলেন। গত ২ এপ্রিল বিশ্বব্যাপী একাধিক দেশের উপর পারস্পারিক শুল্ক কার্যকর করেন ট্রাম্প। চিনের উপর ৩৪ শতাংশ, ভারতের উপর ২৬ শতাংশ, ইউরোপীয় ইউনিয়নের উপর ২০ শতাংশ, দক্ষিণ কোরিয়ার উপর ২৫ শতাংশ, জাপানের উপর ২৪ শতাংশ ও তাইওয়ানের উপর ৩২ শতাংশ হারে শুল্ক চাপানোর কথা বলেছেন ট্রাম্প।

ন্যূনতম ১০ থেকে শুরু করে সর্বোচ্চ ৪৯ শতাংশ, এর মধ্যেই রয়েছে ট্রাম্পের ঘোষিত শুল্কের মাত্রা। ব্রিটিশ যুক্তরাজ্যের উপর ১০ শতাংশ হারে শুল্ক আরোপের কথা জানিয়েছেন ট্রাম্প। এরপরই গোটা আমেরিকা-সহ বিশ্ব বাজারে পতন লক্ষ্য করা গেল। আমেরিকান স্টক মার্কেটে গত কয়েকদিনে প্রায় ৬ ট্রিলিয়ন ডলার উধাও হয়ে গিয়েছে।
সপ্তাহান্তে ফ্লোরিডায় গলফ খেলে অবকাশ শেষে ওয়াশিংটনে ফেরার সময় বায়ুসেনার বিমানে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। সেখানেই তিনি বলেন, "আমি চাইনা বাজার নিম্নমুখী হোক। তবে কখনও কখনও নিজের ভালোর জন্য কড়া ওষুধও খেতে হয়। বাজারে কী প্রভাব পড়তে চলেছে, তা আমি জানিনা, তবে আমাদের দেশ আরও শক্তিশালী হতে চলেছে।"
পূর্বতন জো বাইডেনের সরকারকে নিশানা করে ট্রাম্পের দাবি, এর আগের সরকারে আমেরিকার সঙ্গে দুর্ব্যবহার করে এসেছে বাকি দেশগুলি। ট্রাম্প বলেন, "বাইডেন জমানায় অযোগ্য নেতৃত্বের কারণে আমাদের ব্যবসা, অর্থ, কর্মসংস্থান ছিনিয়ে নিয়েছে মেক্সিকো, কানাডা ও চিন। তাই আমরা শুল্ক থেকে পিছু সরছি না।" আমেরিকার শুল্ক নীতির প্রভাবে সোমবার সিঙ্গাপুরের শেয়ার বাজার ৭ শতাংশ, মালয়েশিয়ার ৪ শতাংশ ও হংকংয়ের শেয়ার মার্কেট ৮.৮ শতাংশ নিম্নমুখী ছিল। ৬.৪ শতাংশ নিম্নগামী ছিল অস্ট্রেলিয়ার শেয়ার বাজারও।












Click it and Unblock the Notifications