Donald Trump: অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাল আমেরিকা, ট্রাম্পের নির্দেশে ছাড়ল বিমান
Donald Trump: আমেরিকায় অবৈধ অভিবাসন (Illegal Immigrants) নিয়ে কড়া পদক্ষেপ ডোনাল্ড ট্রাম্পের। প্রেসিডেন্ট (US President) হিসেবে মসনদে বসেই একের পর এক কড়া পদক্ষেপ নিয়েছেন তিনি। আর এবার অবৈধ ভারতীয় অভিবাসীদের (Illegal Indian Immigrants) দেশে ফেরানোর ব্যবস্থা ট্রাম্পের। সূত্রের খবর, অবৈধভাবে আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের নিয়ে ইতিমধ্যেই রওনা দিয়েছে বিমান।
সোমবার সংবাদসংস্থা রয়টার্সকে ট্রাম্প প্রশাসনের এক আধিকারিক জানান, বৈধ ডকুমেন্ট ছাড়াই আমেরিকায় বসবাসকারী ভারতীয় অভিবাসীদের সি-১৭ বিমানে করে ভারতে ফেরত পাঠানো হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা ভারতে এসে পৌঁছবে। পিউ রিসার্চ সেন্টারের তরফে যে পরিসংখ্যান মিলেছে, তাতে বলা হয়েছে প্রায় ৭ লক্ষ ২৫ হাজার অবৈধ ভারতীয় অভিবাসীর বাস মার্কিন মুলুকে।

অবৈধ অভিবাসীদের সংখ্যায় মেক্সিকো ও এল স্যালভ্যাডরের পর তৃতীয় স্থানে রয়েছে ভারত। আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় অভিবাসী প্রত্যর্পণ করার প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রাথমিক তালিকায় ১৮ হাজার অবৈধ ভারতীয় অভিবাসীর নামও রেখেছে ট্রাম্পের প্রশাসন। প্রায় ১৫ লক্ষ মানুষকে দেশে ফেরানোর জন্যে চিহ্নিত করেছে তারা। যদিও সোমবারের বিমানে কতজন ফিরছে, সেসম্পর্কে বিশদে তথ্য মেলেনি।
গত জানুয়ারি মাসেই এনিয়ে নিজেদের স্পষ্ট অবস্থান জানিয়েছিল ভারত। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) বলেছিলেন, "প্রতিটা দেশের মতোই মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও কোনও ব্যতিক্রম হবে না। আমাদের কোনও নাগরিক যদি অবৈধভাবে সেখানে বসবাস করে, আর আমরা যদি নিশ্চিত হই যে সে আমাদেরই দেশের নাগরিক, তাহলে বৈধভাবে তাঁকে দেশে ফেরানোর পক্ষে ভারতের সায় রয়েছে।"
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প জানান, অবৈধ অভিবাসীদের ফেরাতে যথাযথ পদক্ষেপ নেবেন মোদী। সেইমতো শুরু হল অবৈধ ভারতীয় অভিবাসীদের প্রত্যর্পণ। এল পাসো, টেক্সাস, সান দিয়েগো ও ক্যালিফোর্নিয়া থেকে পেন্টাগনের বিমানে করে ৫ হাজারের বেশি অবৈধ অভিবাসীদের ফেরানো শুরু হয়েছে। ইতিমধ্যেই সামরিক বিমানে করে গুয়াতেমালা, পেরু ও হন্ডুরাসে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে।












Click it and Unblock the Notifications