জেলেনস্কি এবং পুতিনের মধ্যে শান্তি আলোচনার জন্য বৈঠকের আয়োজনে ট্রাম্প, ঘোষণা করলেন নিজেই
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি মুখোমুখি বৈঠকের আয়োজনের তদ্বির করছেন তিনি। হোয়াইট হাউসে ইউরোপিয়ান নেতাদের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এই উদ্যোগকে প্রায় চার বছর ধরে চলা যুদ্ধ অবসানের একটি 'খুব ভালো, প্রাথমিক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন।
এদিন সোমবার ট্রাম্প নিশ্চিত করেন যে এই বৈঠকের প্রস্তুতি চলছে। উচ্চপর্যায়ের হোয়াইট হাউসের বৈঠক, যেখানে ইউরোপিয়ান নেতৃত্ব, ন্যাটো কর্মকর্তা এবং ইউক্রেনের প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন, তার পরেই ট্রাম্প এই সম্ভাবনার কথা জানান। তিনি আশা প্রকাশ করেন যে, শান্তি আলোচনা সম্ভবত আরও দৃঢ় হতে চলেছে।

ট্রাম্প তাঁর সোশ্যাল প্ল্যাটফর্মে জানান, “বিশিষ্ট অতিথিদের সঙ্গে আমার একটি চমৎকার বৈঠক হয়েছে, যা ওভাল অফিসে আরেকটি বৈঠকের মাধ্যমে শেষ হয়েছে।” এই বৈঠকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন এবং ন্যাটো মহাসচিব মার্ক রুত্তে উপস্থিত ছিলেন।
আলোচনার মূল বিষয় ছিল ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা, যা ইউরোপীয় দেশগুলো ওয়াশিংটনের সহযোগিতায় প্রদান করবে। ট্রাম্প বলেন, “রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তির সম্ভাবনায় সবাই খুব খুশি।” বৈঠকের পরপরই ট্রাম্প সরাসরি পুতিনকে ফোন করেন।
ট্রাম্প বলেন, “আমি প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেছি এবং প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে বৈঠকের ব্যবস্থা শুরু করেছি।” তিনি আশা করেন, এই দ্বিপাক্ষিক বৈঠকের পর তিনি উভয় নেতার সঙ্গে একটি ত্রিপাক্ষিক বৈঠকের আয়োজন করবেন।
ট্রাম্প উল্লেখ করেন, “সেই বৈঠক হওয়ার পর আমাদের একটি ত্রিপাক্ষিক বৈঠক হবে, যেখানে দুই প্রেসিডেন্ট এবং আমি উপস্থিত থাকব।” ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স, সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কো ও কিয়েভের সঙ্গে লজিস্টিকস নিয়ে কাজ করছেন। ট্রাম্প জোর দিয়ে বলেন, “প্রায় চার বছর ধরে চলা এই যুদ্ধের জন্য এটি একটি খুব ভালো, প্রাথমিক পদক্ষেপ।”
হোয়াইট হাউসের আলোচনার সময় ট্রাম্প ও পুতিনের মধ্যে প্রায় ৪০ মিনিট ফোনালাপ হয়। ক্রেমলিন জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলাস্কা সম্মেলনে আতিথেয়তা ও অগ্রগতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন।












Click it and Unblock the Notifications