India Canada Khalistani Row: মোদীকে নিয়ে 'মিথ্যে' রিপোর্ট কানাডার সংবাদপত্রে! সুর নরম জাস্টিন ট্রুডোর সরকারের
India Canada Khalistani Row: নিজ্জর খুনে নরেন্দ্র মোদীকে (Narendra Modi) নিয়ে বিস্ফোরক রিপোর্টের বিষয়ে এবার মুখ খুলল কানাডা। সেদেশে বসবাসকারী খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরকে খুনের বিষয়ে নাকি সব জানতেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনই প্রতিবেদন প্রকাশ করেছিল কানাডার এক সংবাদমাধ্যম। সেই দাবিতে মান্যতা দিল না জাস্টিন ট্রুডোর সরকার।
কানাডার সংবাদমাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিকের মন্তব্য উদ্ধৃত করে বলা হয়েছিল, নিজ্জরকে হত্যার (Nijjar Murder Row) ছক কষার সময় থেকেই সব জানতেন মোদী। এমনকী ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বিদেশমন্ত্রীও নাকি চক্রান্তে জড়িত ছিলেন। যদিও সেই প্রতিবেদনের কোনও সত্যতা নেই বলে জানিয়ে দিল কানাডার প্রশাসন।

কানাডার সংবাদমাধ্যমের রিপোর্টের পরই তীব্র বিরোধিতা জানায় ভারত। চাপে পড়ে সুর নরম করল কানাডা। জাস্টিন ট্রুডোর (Justin Trudeau) সরকারের জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা উপদেষ্টা ন্যাটালি জি ড্রোউইন এদিন এক বিবৃতিতে জানান, কানাডার সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট সম্পর্কে অবগত নয় খোদ কানাডার সরকারই। ওই রিপোর্টের কোনও প্রমাণও নেই বলে জানাল কানাডা।
কানাডার সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টকে সর্বৈব মিথ্যে বলে আগেই দাবি করেছিলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal)। কানাডার সরকার ইচ্ছাকৃত এমন রিপোর্ট সংবাদপত্রে ছাপিয়েছে বলে মন্তব্য করেন তিনি। এমন ভিত্তিহীন রিপোর্টের কোনও সত্যতা নেই বলেও সাফ জানান তিনি।
ভারতের প্রবল বিরোধিতার পর মুখ খুলল কানাডাও। দেশের সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট আদতে 'খেয়ালি পোলাও' বলে জানিয়ে দিল জাস্টিন ট্রুডোর সরকার। একইসঙ্গে ওই রিপোর্ট সম্পূর্ণ ভুল বলে জানাল সরকার। এমন অপপ্রচার চলতে থাকলে ধুঁকতে থাকা দুই দেশের সম্পর্ক আরও তলানিতে ঠেকবে বলে দাবি করেন রণধীর জয়সওয়াল।
২০২৩-এর ১৮ জুন কানাডার ভ্যাঙ্কোবারে গুরুদ্বারের ভেতরে গুলি করে খুন করা হয় খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরকে। ভারতে নিজ্জরের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল। খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনের ঘটনায় প্রথম থেকেই ভারতের ঘাড়ে দোষ চাপাচ্ছে কানাডা। এনিয়ে কানাডাকে বারবার প্রমাণ দেখাতে দাবি করে ভারতও। যদিও কানাডা তা দেখাতে পারেনি।












Click it and Unblock the Notifications