ফের ট্রেন দুর্ঘটনা, লেভেল ক্রসিংয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা, ছিটকে পড়েছে ট্রেনের একাধিক কামরা
রাশিয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। দ্রুত গতিতে আসা ট্রেনের সামনে লেভেল ক্রসিং ভেঙে চলে আসে একটি ট্রাক। দুই গতির সংঘর্ষে লাইন থেকে ছিটকে পড়ে ট্রেনের একাধিক কামরা। প্রায় ৮০০ জন যাত্রী ছিল ট্রেনে।
ট্রেনের ১৪০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ট্রেনের ৮টি কামরা লাইনচ্যুত হয়েছে। রাশিয়ার কাজান থেকে আসছিল ট্রেনটি। গন্তব্য ছিল অ্যাডলার। ট্রেনের চালক জানিয়েছেন ট্রাকটিকে সামনে দেখার পর তিনি ব্রেক কষেছিলেন কিন্তু শেষ পর্যন্ত রক্ষা করতে পারেননি। ট্রেনের চালকের হাত ভেঙে গিয়েছে। রাশিয়ান রেলের পক্ষ থেকে জানানো হয়েছে অ্যালার্ম উপেক্ষা করেই ট্রাকটি লেভেল ক্রসিং ভেদ করে রেল লাইনের উপরে উঠে এসেছিল।

ঘণ্টায় ৬৫ কিলোমিটার গতিতে চলছিল ট্রেনটি। সেই গতিতেই ট্রাকটিকে ধাক্কা মারে। প্রবল ঝাঁকুনিতে ১৪০ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৫ জন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে সংঘর্ষ এতোটাই তীব্র ছিল যে ট্রেনের চালক ১৫ মিটার দূরে ছিটকে গিয়ে পড়েছিল। ট্রাকের চালকও ভয়ঙ্কর ভাবে আহত হয়েছে। রক্তাক্ত অবস্থায় ছিল তার মুখ।
রাশিয়ার সুরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এখনও পর্যন্ত ৯টি কামরা লাইনচ্যূত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই পুলিশ এবং দমকল সেখানে উদ্ধারকাজ শুরু করে দিয়েছে। যুদ্ধ বিধ্বস্ত রাশিয়ায় ট্রেন দুর্ঘটনার খবরে নতুন করে উগ্বেগ তৈরি হয়েছে। ২০২২ সাল থেকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে।
একের পর এক গোলা গুলি বর্ষণ করে চলেছে রাশিয়া। ইউক্রেনের একাধিক শহরে রাশিয়া হামলা চালিয়েছে। বিশ্বের একাধিক দেশ এই নিয়ে রাশিয়াকে প্রায় এক ঘরে করে রেখেছে। বিশেষ করে ইউরোপীয়ান ইউনিয়নের দেশগুলি এবং ব্রিটেন ও আমেরিকা রাশিয়াকে একঘরে করে রেখেছে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে। অন্যদিকে রাশিয়া আবার আমেরিকাকে নিশানা করেছে ইউক্রেনকে অস্ত্র সাহায্য করার জন্য।












Click it and Unblock the Notifications