আমেরিকাতেও অযোধ্যার আঁচ, ৫ই অগাস্ট টাইমস স্কোয়ারের জায়ান্ট স্ক্রিনে রামমন্দিরের ভূমি পূজো
মার্কিন মুলুকেও 'রামরাজত্বের' ছোঁয়া, টাইমস স্কোয়ারে জায়ান্ট স্ক্রিনে রামমন্দির নির্মাণ
দীর্ঘ বিতর্ক, আইনি জটিলতা কাটিয়ে অবশেষে আগামী ৫ই অগাস্ট অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য মহাসমারোহে ভূমি পূজোর আয়োজন করতে চলেছে রাম জন্মভূমি তীর্থ ট্রাস্ট। ঐদিন রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু দেশ নয় এবার এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে সূদুর মার্কিন মুলুকও। মোদির দেশে রামমন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের চিত্র সরাসরি ফুটে উঠবে ট্রাম্প রাজত্বে।

আমেরিকার টাইম স্কোয়ার যেন হয়ে উঠবে সাক্ষাৎ 'রামরাজত্ব'
৫ই আগস্ট নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়ার যেন হয়ে উঠবে সাক্ষাৎ 'রামরাজত্ব'। দেশে রামমন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের থ্রিডি ছবি দেখার সুযোগ পাবেন অসংখ্য আমেরিকার মানুষ, বর্ণনা করা হবে রাম মন্দিরে ইতিবৃত্তান্তও। এমনটাই জানিয়েছেন, আমেরিকান ইন্ডিয়া পাবলিক অ্যাফেয়ার্স কমিটির সভাপতি জগদীশ শেওয়ানি।

জায়েন্ট স্ক্রিনে থ্রিডি ছবিতে ফুটে উঠবে রাম মন্দিরের দৃশ্য
ইতিমধ্যেই টাইমস স্কোয়ারে শুরু হয়েছে বিশাল তোরজোর। রামভক্তদের জন্য করা হয়েছে এলাহি ব্যবস্থা।জানা যাচ্ছে, টাইমস স্কোয়ারের বিলবোর্ডগুলো ইতিমধ্যেই এই অনুষ্ঠানের জন্য ভাড়া করার কথা পাকা হয়ে গেছে। পাশাপাশি, দৈত্যাকার ন্যাসডাক স্ক্রিন এবং ১৭,০০০ বর্গফুট বিশিষ্ট এলইডি ডিসপ্লে স্ক্রিনে, ওইদিন দেখানো হবে রাম মন্দিরের থ্রিডি ছবি।

দিনভর হিন্দি ইংরেজিতে 'জয় শ্রী রাম' জপ
জানা গেছে, ৫ অগাস্ট সকাল ৮ টা থেকে শুরু করে রাত ১০ টা পর্যন্ত দিনভর হিন্দি ও ইংরেজিতে 'জয় শ্রী রাম' শব্দটি ফুটে উঠবে টাইম স্কোয়ারের জায়েন্ট স্ক্রিনে। পাশাপাশি, দেখানো হবে ভগবান রামের প্রতিকৃতি, ভিডিও রাম মন্দিরের নকশা ও স্থাপত্যের থ্রি ডি প্রতিকৃতি। ইতিমধ্যেই রামভক্তদের খুশির রেশ যেন মার্কিম মুলুকেও ছেয়ে গেছে।

অনুষ্ঠানের শেষে হবে মিষ্টি মুখও
ঐতিহাসিক এমন মুহূর্তের সাক্ষী থাকার পর একটু 'মিষ্টিমুখ' না হলে হয়? জানা যাচ্ছে, সেই ব্যবস্থাও করে ফেলেছেন আমেরিকান ইন্ডিয়া পাবলিক অ্যাফেয়ার্স কমিটির সভাপতি জগদীশ শেওয়ানি। তিনি জানান, "প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে, রাম মন্দির নির্মাণের ঘটনা আসলে গোটা বিশ্বে ছড়িয়ে থাকা হিন্দুদের কাছে একটি স্বপ্ন বাস্তব হওয়ার মতো বিষয়। তাই অনুষ্ঠানের শেষে আমরা মিষ্টি বিতরণ করে দিনটিকে উদযাপন করতে চাই"।












Click it and Unblock the Notifications