জাতীয় শোকের আবহে নিউ সাউথ ওয়েলসে গুলিতে মৃত ৩
জাতীয় শোকের আবহেই ফের অস্ট্রেলিয়ায় বন্দুকের গর্জন। নিউ সাউথ ওয়েলসের লেক কারগেলিগোতে বৃহস্পতিবার বিকেলে এক আতঙ্কজনক গুলির ঘটনায় প্রাণ গেল অন্তত তিনজনের। নিহতদের মধ্যে দুই মহিলা ও এক পুরুষ। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি একজন পুরুষও।
এদিন বিকেল প্রায় ৪টা ৪০ মিনিটে ওয়াকার স্ট্রিটের কাছে গোলাগুলির খবর মিলতেই ঘটনাস্থলে পৌঁছে যায় জরুরি পরিষেবা ও পুলিশের দল। পুলিশ জানিয়েছে, গোটা এলাকায় খতিয়ে দেখে ঘটনাস্থল চিহ্নিত করা হয়েছে ও ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

ঘটনার পর পুরো শহরজুড়ে সতর্কতা জারি করে বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। পুলিশের তরফে জানানো হয়েছে, অপরাধী এখনো ধরা পড়েনি। পরিস্থিতি বিবেচনায় শহরজুড়ে জিও টার্গেটেড এসএমএস পাঠিয়ে এলাকাবাসীকে সতর্ক করা হয়।
বন্ডাই বিচের স্মৃতি এখনও তাজা, এই নতুন হামলার গুরুত্ব আরও বেড়েছে কারণ দিনটি ছিল বন্ডাই বিচের মর্মান্তিক গণহত্যার শোকদিবস। মাত্র এক মাস আগে, ইহুদি উৎসব চলাকালীন বন্ডাই বিচে এক পিতা ও পুত্রের হাতে প্রাণ হারিয়েছিলেন ১৫ জন। সেই ঘটনায় স্তব্ধ হয়ে যায় পুরো দেশ। বৃহস্পতিবার ছিল সেই নিহতদের প্রতি জাতীয় শোকের দিন, দেশজুড়ে পালিত হয় এক মিনিটের নীরবতা।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ স্মরণসভায় বলেন "বন্ডাই আমাদের কাছে শুধু একটি সমুদ্রসৈকত নয়, এটি বিশ্বের কাছে আমাদের প্রতিশ্রুতি। সেদিন ঢেউয়ের সঙ্গে অনেক কিছুই ভেঙে গিয়েছিল।"
এখনও আতঙ্কে শহর।
স্থানীয় সাংসদ রয় বাটলার জানিয়েছেন, পরিস্থিতি এখনও 'লাইভ' ও বিপজ্জনক। অপরাধী পলাতক থাকায় বাড়ির বাইরে না বেরোতে অনুরোধ জানানো হয়েছে শহরবাসীকে। "ভয়ঙ্কর এক পরিস্থিতি। নিহত ও আহতদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই," মন্তব্য বাটলারের।
নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ইতিমধ্যেই। গণহত্যার শোক না কাটতেই একের পর এক বন্দুক হামলায় উদ্বেগ ছড়াচ্ছে অস্ট্রেলিয়াজুড়ে।












Click it and Unblock the Notifications