কোমায় আক্রান্ত ভারতীয় ছাত্রী নীলম শিন্ডের পরিবারের জরুরি ভিসা মঞ্জুর করল মার্কিন দূতাবাস
ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর কোমায় থাকা ভারতীয় ছাত্রী নীলম শিন্ডের পরিবারকে মার্কিন দূতাবাস জরুরি ভিসা মঞ্জুর করল। তার বাবা তানহাজি শিন্ডে জানিয়েছেন, শনিবার তারা যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবে।
১৪ ফেব্রুয়ারি মহারাষ্ট্রের সাতারার বাসিন্দা নীলম শিন্ডে ক্যালিফোর্নিয়ায় এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তার মাথা, হাত ও বুকে মারাত্মক আঘাত লাগে এবং জরুরি মস্তিষ্কের অস্ত্রোপচারের পর থেকে তিনি কোমায় চলে যান।

নীলম ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির স্নাতকোত্তর ছাত্রী। এক ব্যক্তি তাকে গাড়ি দিয়ে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনার পর মার্কিন পুলিশ ৫৮ বছর বয়সী অভিযুক্ত লরেন্স গ্যালোসকে গ্রেপ্তার করেছে।
দুর্ঘটনার পর, নীলমের পরিবার মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য জরুরি ভিসার আবেদন করেন। বুধবার এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে ভারতের বিদেশ মন্ত্রকের (MEA) কাছে বিষয়টি তুলে ধরেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
তানহাজি শিন্ডে জানান, "১৬ ফেব্রুয়ারি আমি তার রুমমেটের কাছ থেকে ফোন পাই, তবে সে দুর্ঘটনার কথা বলেনি। পরে আমি জানতে পারি যে নীলম কোমায় আছে। আমরা মার্কিন দূতাবাসে যাই এবং আধ ঘণ্টার মধ্যে আমাদের ভিসা মঞ্জুর করা হয়। শনিবার আমরা যুক্তরাষ্ট্রে রওনা দেব"।
তিনি ভারতের কেন্দ্রীয় সরকার, মহারাষ্ট্র সরকার এবং গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "আমার মেয়ে কোমায় আছে, আমরা বেশি কিছু করতে পারিনি। শুধু চাই সে দ্রুত সুস্থ হয়ে উঠুক"।
এদিকে, সান ফ্রান্সিসকোতে ঘটনার পরপরই মার্কিন পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে শনাক্ত করতে সপ্তাহব্যাপী কাজ চালায়। দুর্ঘটনার দিন পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু অভিযুক্ত ততক্ষণে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় নীলমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এরপরই। তবে মার্কিন পুলিশ তল্লাশি অভিযান জারি রেখেছিল। ফলে অভিযুক্ত খুব তাড়াতাড়িই হাতেনাতে ধরা পড়ে।
বর্তমানে নীলম শিন্ডে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, আর তার পরিবার তার পাশে থাকার জন্য যুক্তরাষ্ট্রে জরুরি ভিসার অনুমোদন নিয়েই উড়ে যাচ্ছেন সেখানে।












Click it and Unblock the Notifications