Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অর্থের কল বন্ধ করে দেওয়া হয়েছে, কথিত জালিয়াতির অভিযোগে মিনেসোটার শিশু পরিচর্যা তহবিল স্থগিত করল ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রে আবারও কেন্দ্র রাজ্য সংঘাতের ছবি স্পষ্ট। শিশু পরিচর্যা সংক্রান্ত সরকারি প্রকল্পে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলে মিনেসোটা রাজ্যের জন্য নির্ধারিত ফেডারেল তহবিল স্থগিত করার সিদ্ধান্ত নিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। মঙ্গলবার মার্কিন স্বাস্থ্য ও মানব পরিষেবা দপ্তরের ডেপুটি সেক্রেটারি জিম ও'নিল এই ঘোষণা করেন।

সামাজিক মাধ্যম এক্স হ্যাণ্ডেলে দেওয়া এক পোস্টে তিনি জানান, মিনেসোটায় সরকারি অর্থে পরিচালিত শিশু পরিচর্যা প্রকল্পগুলিতে "চোখে পড়ার মতো ও সর্বত্র ছড়িয়ে থাকা জালিয়াতির" প্রমাণ মিলেছে বলেই এই পদক্ষেপ। ও'নিলের কথায়, "আমরা অর্থের কল বন্ধ করেছি ও এখন একের পর এক জালিয়াতির তথ্য সামনে আসছে।"

তবে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন মিনেসোটা রাজ্যের গভর্নর টিম ওয়াল্‌জ। তাঁর অভিযোগ, জালিয়াতির বিষয়টিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে সমাজকল্যাণমূলক প্রকল্পগুলিকে ধীরে ধীরে বন্ধ করার চেষ্টা করছে কেন্দ্র।
সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া বিবৃতিতে ওয়াল্‌জ বলেন, "জালিয়াতি একটি গুরুতর সমস্যা, ও তা দমনে রাজ্য সরকার বহু বছর ধরেই কাজ করছে। কিন্তু এই তহবিল বন্ধের সিদ্ধান্ত আসলে মিনেসোটাবাসীর জন্য গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিকে খর্ব করার রাজনৈতিক প্রচেষ্টা।"

প্রশাসনের দাবি অনুযায়ী, ডানপন্থী এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের অভিযোগের পরেই তদন্ত জোরদার হয়। ওই ইনফ্লুয়েন্সার দাবি করেন, মিনিয়াপোলিসে সোমালি সম্প্রদায়ের পরিচালিত একাধিক ডে কেয়ার সেন্টারে প্রায় ১০ কোটি ডলারের জালিয়াতি হয়েছে। যদিও এই অভিযোগ এখনও স্বাধীনভাবে যাচাই হয়নি, তবুও মিনেসোটা সরকারকে বিস্তারিত অডিট রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এর মধ্যে উপস্থিতির নথি, লাইসেন্স, অভিযোগ, পরিদর্শন ও তদন্ত সংক্রান্ত সমস্ত তথ্য অন্তর্ভুক্ত থাকবে।

এই ঘোষণার একদিন আগেই মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের আধিকারিকরা মিনিয়াপোলিসে এসে তদন্ত শুরু করেন। একাধিক অজ্ঞাত ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে কর্মীদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখযোগ্যভাবে, সাম্প্রতিক বছরগুলিতে মিনেসোটায় সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ নতুন নয়। 'ফিডিং আওয়ার ফিউচার' নামের এক অলাভজনক সংস্থাকে ঘিরে প্রায় ৩০ কোটি ডলারের প্রতারণা প্রকাশ্যে আসার পর থেকেই নজরদারি বেড়েছে। কোভিড অতিমারির সময় শিশুদের খাদ্য সরবরাহের নামে ফেডারেল অর্থ লোপাটের এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ জালিয়াতি হিসেবে চিহ্নিত করেছেন ফেডারেল প্রসিকিউটররা।

এখনও পর্যন্ত এই মামলায় মিনেসোটায় ৫৭ জন দোষী সাব্যস্ত হয়েছে। সম্প্রতি এক ফেডারেল কৌঁসুলি দাবি করেছেন, ২০১৮ সালের পর থেকে মিনেসোটার ১৪টি সরকারি প্রকল্পে বরাদ্দ প্রায় ১৮ বিলিয়ন ডলারের অর্ধেক বা তার বেশি অর্থ চুরি হয়ে থাকতে পারে। এই মামলাগুলির বহু অভিযুক্তই সোমালি আমেরিকান বলে অভিযোগ উঠেছে।

এদিকে স্বাস্থ্য ও মানব পরিষেবা দপ্তরের অধীন 'অ্যাডমিনিস্ট্রেশন ফর চিলড্রেন অ্যান্ড ফ্যামিলিজ' এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালেক্স অ্যাডামস জানান, মিনেসোটা প্রতিবছর প্রায় ১৮৫ মিলিয়ন ডলার শিশু পরিচর্যা তহবিল পায়। এই অর্থ প্রায় ১৯ হাজার শিশু বিশেষ করে সদ্যোজাত ও টডলারদের সহায়তার জন্য বরাদ্দ।
অ্যাডামস বলেন, "একটি ডলারও যদি জালিয়াতির মাধ্যমে চুরি হয়, তা সরাসরি ওই শিশুদের কাছ থেকেই কেড়ে নেওয়া হয়।"

রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে গভর্নর ওয়াল্‌জ জানান, জানুয়ারির শেষ দিকে প্রকাশিতব্য অডিট রিপোর্টেই প্রকৃত চিত্র স্পষ্ট হবে। একই সঙ্গে ভবিষ্যতে তহবিলের অপব্যবহার রুখতে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
অন্যদিকে, কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্য ও সোমালি আমেরিকান নেত্রী ইলহান ওমর সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। তাঁর বক্তব্য, "কয়েকজনের অপরাধের জন্য পুরো একটি সম্প্রদায়কে দোষারোপ করা বিপজ্জনক ও অনুচিত।"

এই ইস্যু ঘিরে আগামী দিনে ওয়াশিংটন ও সেন্ট পলের রাজনৈতিক টানাপোড়েন আরও তীব্র হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+