শেষ নিশ্বাস ত্যাগ করলেন মহাকাশে হাঁটা প্রথম মানব অ্যালেক্সি লিওনভ
শেষ নিশ্বাস ত্যাগ করলেন মহাকাশে হাঁটা প্রথম মানব অ্যালেক্সি লিওনভ
মহাকাশ গবেষণার ইতিহাসে ও মানবসভ্যতার ইতিহাসে প্রথম মহাশূন্যে অবতরণ করা ব্যক্তি অ্যালেক্সি লিওনভ চলে গেলেন। এই কিংবদন্তি মহাকাশচারী ১১ই অক্টোবর রাশিয়ার রাজধানী মস্কোতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর। গত সপ্তাহের শুক্রবার রাশিয়ার রাজধানী মস্কোর বারদেনকো সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মহাশূন্যে হাঁটা প্রথম মানুষ লিওনভ। ওই দিনই রাশিয়ার মহাকাশ সংস্থা রশকসমসের তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই প্রবাদপ্রতিম মহাকাশচারীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে তার মৃত্যুর কারণ নিয়ে বিশদে কোনও তথ্য প্রকাশ করেনি এই মহাকাশ গবেষণাকারী সংস্থাটি। বিগত বেশ কয়েক বছর ধরেই লিওনভ বার্ধক্যজনিত একাধিক শারিরীক সমস্যায় ও নানা জটিল রোগে ভুগছিলেন বলে সূত্রের খবর।

অ্যালেক্সি লিওনভ ১৯৩৪ সালের ৩০ মে মাসে সাইবেরিয়ার একদম প্রান্তে ছোট্ট শহর লিস্টভিয়াংকায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই আঁকাআঁকির প্রতি বিশেষ ঝোঁক ছিল তার। ১৯৫৩ সালে ইউক্রেনের একটি বিমানবাহিনীর স্কুলে ভর্তি হওয়ার আগে পর্যন্ত তিনি রিগার অ্যাকাডেমি অব আর্টসে পড়াশোনা করেন। ১৯৬৫ সালে তিনি প্রথম মহাশূন্যে হেঁটে সাড়া বিশ্বজুড়ে মহাকাশ গবেষণার ইতিহাসে নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন। তিনিই প্রথম মহাকাশযানের সঙ্গে সংযুক্ত ৪.৮ মিটার কেবলে মহাশূন্যে হাঁটেন। প্রায় ১২ মিনিটের বেশি সময় তিনি মহাশূন্যে ভাসমান অবস্থায় ছিলেন। অন্যদিকে ১৯৭৫ সালে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার একটি যৌথ মহাকাশ অভিযানেও অংশগ্রহন করেছিলেন তিনি।
অন্যদিকে জাতীয় বীরের মর্যাদা সম্পন্ন লিওনভের মৃত্যুতে শোক বার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। লিওনভকে 'আক্ষরিক অর্থে পথ প্রদর্শক, শক্তিশালী এবং বীর’ হিসেবে আখ্যায়িত করে তার পরিবার ও আত্মীয়স্বজনদের প্রতি সান্ত্বনা জ্ঞাপন করেছেন তিনি। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রশকসমসও এক শোকবার্তায় তার মৃত্যুকে মহাকাশ অভিযানের ইতিহাসে একটি অধ্যায়ের সমাপ্তি হিসেবে আখ্যা দিয়েছে। লিওনভের মৃত্যুতে শোক জ্ঞাপন করে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ট্যুইটারে করে ' তাঁর উদ্যোগেই মহাকাশের অসীম শূন্যস্থানে যান চলাচল সম্ভব হয়েছিল, যার জন্য আজকের স্পেস স্টেশন রক্ষনাবেক্ষনের কাজ সম্ভব হয়েছে।’












Click it and Unblock the Notifications