ইমরান খানের সরকারকে সরাতে পাকিস্তানে শুরু হয়েছে সরকার–বিরুদ্ধ আন্দোলন
ইমরান খানের সরকারকে সরাতে পাকিস্তানে শুরু হয়েছে সরকার–বিরুদ্ধ আন্দোলন
পাকিস্তানে সরকার–বিরোধী আন্দোলন শুরু হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে হটাতে ইসলামাবাদের দিকে আজাদি মার্চ শুরু করেছে দেশটির অন্যতম প্রভাবশালী রাজনৈতিক দল জমিয়ত উলামা–ই–ইসলাম। দলের মুখপাত্র মুফতি আবরার আহমেদ জানিয়েছেন, করাচি থেকে একশোরও বেশি বাস এবং ভ্যানে করে সমর্থকরা সিন্ধু প্রদেশের সুক্কুর থেকে তাদের ইসলামাবাদের দিকে যাত্রা শুরু করবে। জমিয়ত উলামা–ই ইসলামের প্রধান মৌলানা ফজলুর রহমানের নেতৃত্বে করাচি থেকে শুরু হয় এই আজাদি মার্চ। ৩১ অক্টোবরে চূড়ান্তভাবে আন্দোলন হবে ইসলামাবাদে, জানান মুখপাত্র।

করাচিতে পৌঁছানোর আগে মৌলানা ফজলুর রহমান তাঁর দলের কর্মীদের উদ্দেশ্যে জানান যে এই আন্দোলন শুধুমাত্র পাকিস্তানের বিরুদ্ধে নয়, ভারতীয় সেনারা যেভাবে কাশ্মীরবাসীর জীবন দুর্বিষহ করে তুলেছে তার বিরুদ্ধেও এই লড়াই। তিনি জানান, নিপীড়িত কাশ্মীরিদের সমর্থনে তাঁদের এক হতে হবে। কাশ্মীর নিয়ে ভারত–পাকিস্তান উভয় দেশের যে সংঘাত, তা নিয়েই আন্দোলন জেইউআই দলের। এই আন্দোলনের পাশাপাশি পাকিস্তান জুড়ে ভারত–বিরোধী প্রতিবাদও গড়ে তুলবে এই দলটি। মৌলানা ফজলুর রহমান জানান, পাকিস্তানের অবৈধ সরকারকে সরাতে হবে। কারণ এই সরকার রীতিমতো জনগণের ভোট চুরি করে মসনদে বসেছে। এই কর্মসূচিতে ইমরান সরকারের প্রধান বিরোধী নওয়াজ শরিফের মুসলিম লীগ, জারদারির পাকিস্তান পিপলস পার্টিসহ অন্যান্য বিরোধী দলগুলোও অংশ নিয়েছে।
মুফতি আবরার আহমেদ জানান, করাচি ও আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে সমর্থকরা ৩১ অক্টোবরের মধ্যে ইসলামাবাদে পৌঁছাবেন বলে মনে করা হচ্ছে। ইমরান খানের সরকার, যা মূলত সেনার সমর্থন পেয়ে সরকারে রয়েছে, সেই ব্যর্থ সরকারকে সরানোর জন্য বৃহত্তর আন্দোলন শুরু হবে। প্রাক্তন ক্রিকেট কিংবদন্তি ইমরান খানের সরকার সব দিক দিয়ে ব্যর্থ হয়েছে। কাজেই নতুন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই বলেই মনে করেন মৌলানা ফজলুর রহমান। অন্যদিকে ইসলামাবাদে যাতে কোনও ধরনের অশান্তি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।












Click it and Unblock the Notifications