রাষ্ট্রপুঞ্জে ভারতের পাশে দাঁড়িয়ে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে তুলোধোনা আফগানিস্তানের
রাষ্ট্রপুঞ্জের মঞ্চে দাঁড়িয়ে সারা পৃথিবীর সামনে আফগানিস্তান জানিয়ে দিল, সেদেশে সন্ত্রাসবাদের আমদানি হয়েছে পাকিস্তান থেকেই।
এক প্রতিবেশী দেশ ভারতের কাছ থেকে শাসানি শোনার পরে এবার সন্ত্রাসবাদ ইস্যুতে আর এর প্রতিবেশী আফগানিস্তানের মুখঝামটা খেল পাকিস্তান। রাষ্ট্রপুঞ্জের মঞ্চে দাঁড়িয়ে সারা পৃথিবীর সামনে আফগানিস্তান জানিয়ে দিল, সেদেশে সন্ত্রাসবাদের আমদানি হয়েছে পাকিস্তান থেকেই।

দ্বর্থ্যহীন ভাষায় আফগানিস্তান বলেছে, সেদেশে সন্ত্রাসবাদ আমদানি হয়েছে পাকিস্তান থেকেই। পাকিস্তান সীমান্তের ওপার থেকে সন্ত্রাসবাদকে সেদেশে পাচার করা হয়েছে। এর আগে ভারতও একই সুরে রাষ্ট্রপুঞ্জে দাঁড়িয়ে সন্ত্রাসবাদ প্রশ্নে পাকিস্তানে কড়া ভাষায় আক্রমণ করেছিল।
শুধু ভারত নয়, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশ ও জাপানের পাশে দাঁড়িয়ে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসাবে পাকিস্তানকে তুলোধোনা করেছে আফগানিস্তান। বলা হয়েছে, পাকিস্তানের নীতির জন্য আফগানিস্তানে বারবার শান্তি বিঘ্নিত হচ্ছে। আফগান বিদেশমন্ত্রী সালাহউদ্দিন রব্বানি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ফোরামে এই মর্মে ভাষণ দিয়েছেন।
এর আগে আফগানিস্তানের পাশে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রও পাকিস্তানেরহ সমালোচনা করে একই কথা জানিয়েছিল। আফগানিস্তানে শান্তি ফেরাতে পাকিস্তান প্রতিবন্ধকতা তৈরি করছে বলে দাবি করা হয়েছিল। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প নিজে জানিয়েছিলেন, আফগানিস্তান অবস্থিত হাক্কানি নেটওয়ার্ক ও তালিবানরা পাকিস্তানের সরকার থেকে সরাসরি সাহায্য পাচ্ছে। আফগানিস্তানে সন্ত্রাসবাদকে জিইয়ে রাখার পিছনেও রয়েছে এই দুই গোষ্ঠীই।
প্রসঙ্গত, ব্রিকস সম্মেলন হোক অথবা জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের ভারত সফর, অথবা সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির বক্তব্য, সব জায়গাতেই পাকিস্তানকে সন্ত্রাসবাদের পীঠস্থান হিসাবে ব্যাখ্যা করে তুলোধোনা করে ভারতের পাশে দাঁড়ানোর পালা চলেছে। এবার আফগানিস্তানও ঠিক সেই কাজটাই করল।












Click it and Unblock the Notifications