একের পর এক জেলা দখল তালিবানদের, দেশ ছেড়ে তাজিকিস্তানে আশ্রয় আফগান সেনাদের
একের পর এক জেলা দখল তালিবানদের
এখনও মার্কিন সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহার হয়নি আর এরই মধ্যে একের পর এক আফগানিস্তানের জেলা দখল করতে উঠেপড়ে লেগেছে তালিবানরা। ৪২১টি জেলা ও জেলা কেন্দ্রগুলির এক–তৃতীয়াংশ অর্থাৎ ১৩টি জেলা তালিবানদের দখলে চলে গিয়েছে।

আফগান সেনারা পালিয়ে যাচ্ছে
রবিবার সরকারিভাবে জানানো হয়েছে, একরাতের মধ্যেই তালিবানরা উত্তর আফগানিস্তানের বিভিন্ন জেলায় মার্চ শুরু করে দেয় এবং এর ফলে আফগান সেনারা পিছু হঠতে বাধ্য হন এবং একাধিক সেনারা সীমান্ত দিয়ে পালিয়ে তাজিকিস্তানে আশ্রয় নেন। তাজিকিস্তানের স্টেট কমিটি ফর ন্যাশনাল সিকিউরিটি এক বিবৃতিতে জানিয়েছেন যে তালিবান যোদ্ধারা সীমান্তের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ৩০০-এর বেশি আফগান সেনারা আফগানিস্তানের বাদাখশান প্রদেশ অতিক্রম করে তাজিকিস্তানে চলে আসেন। শনিবার স্থানীয় সময় সাড়ে ছ'টা নাগাদ আফগান বাহিনী সীমান্ত অতিক্রম করেন। বিবৃতিতে এও বলা হয়, 'মানবতাবাদ ও ভালো প্রতিবেশিতার নীতির দ্বারা পরিচালিত তাজিক কর্তৃপক্ষ আফগান জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীকে তাজিকিস্তানে প্রবেশ করার অনুমতি দিয়েছে।'

মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা
এপ্রিলের মাঝামাঝি সময় থেকে যখন মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন আফগানিস্তানের 'চিরকালীন যুদ্ধ' শেষ হওয়ার ঘোষণা করেন তারপর থেকে তালিবানরা আফগানিস্তান জুড়ে কড়া পদক্ষেপ করতে শুরু করে দিয়েছে। তবে তালিবানদের সবচেয়ে উল্লেখযোগ্য লাভ হল দেশের উত্তরাঞ্চল, যেটি চিরাচরিত মার্কিন সেনাদের ঘাঁটি বলে পরিচিত, যাঁরা ২০০১ সালে তালিবানদের পরাস্ত করেছিল। বর্তমানে তালিবানদের দখলে রয়েছে আফগানিস্তানের ৪২১ টি জেলা ও কেন্দ্রীয় জেলার এক-তৃতীয়াংশ।

বিনা লড়াইয়ে জেলা দখল
প্রাদেশিক কাউন্সিলের সদস্য মোহিব-উল রহমান জানিয়েছেন যে সাম্প্রতিক সময়ে উত্তরপূর্বের বাদাখশান প্রদেশের দখল তালিবানরা কোনও লড়াই ছাড়াই দখল করেছে। তিনি তালিবানদের এই সাফল্যের জন্য সেনাবাহিনীর দুর্বল মনোভাবকে দোষারোপ করেছেন। তিনি বলেন, 'দুর্ভাগ্যজনকভাবে কোনও লড়াই ছাড়াই তালিবানরা অধিকাংশ জেলা দখল করেছে। গত তিনদিনে ১০টি জেলার মধ্যে আটটি জেলার দখল বিনা যুদ্ধে তালিবানদের হাতে গিয়েছে।' রহমান জানান, শতাধিক আফগান সেনা, পুলিশ ও গোয়েন্দা বাহিনী তাঁদের সেনা শিবিরে আত্মসমর্পণ করেছিলেন এবং ফৈজাবাদের রাজধানী বাদাখশান প্রদেশে পালিয়ে যান। এমনকী রবিবার ভোরে রাজধানীর আশেপাশের পরিধি আরও শক্তিশালী করার পরিকল্পনার জন্য সুরক্ষা বৈঠক চলাকালীন কয়েকজন প্রবীণ প্রাদেশিক আধিকারিক ফৈজাবাদ ছেড়ে রাজধানী কাবুলের উদ্দেশ্যে চলে যান।

একশোটির বেশি জেলা তালিবানদের দখলে
প্রসঙ্গত, বর্তমানে আফগানিস্তানের ১০০টির বেশি জেলা তালিবানদের দখলে রয়েছে। এর আগে এক মার্কিন গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছিল, আগামী সেপ্টেম্বরের মধ্যে সেনা প্রত্যাহার করা হলে তালিবান ৬ থেকে ১২ মাসের মধ্যে আফগানিস্তানের ক্ষমতা দখল করবে। তবে এই রিপোর্ট যে ধীরে ধীরে সত্যি হতে চলেছে তা বাস্তব পরিস্থিতি প্রমাণ দিচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে যে যে জেলা ইতিমধ্যে তালিবানদের দখলে চলে গিয়েছে, সেখানে কঠোর শরিয়া আইন জারি করা হয়েছে।
প্রতীকী ছবি












Click it and Unblock the Notifications