আফগানিস্তানে বাড়ছে তালিবান আগ্রাসন, পরিস্থিতি বেগতিক বুঝে ৫০ কূটনীতিবিদকে দেশে ফেরাল ভারত
আফগানিস্তানে বাড়ছে তালিবান আগ্রাসন, পরিস্থিতি বেগতিক বুঝে ৫০ কূটনীতিবিদকে দেশে ফেরাল ভারত
চলতি বছরের অগাস্ট মাসের মধ্যে আফগানিস্তান থেকে সম্পূর্ণরূপে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে, অশান্তির আবহে কিছুদিন আগে এমনই ঘোষণা করেছেন নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর তারপর থেকেই ফের আফগান মাটিতে সক্রিয়াতা বাড়িয়েছে তালিবানরা। এমনকী রবিবার সকালে জানা যায় কান্দাহারেও ঢুকে পড়েছে তালিবান জঙ্গিরা। এমতাবস্থায় ভারতীয় দূতাবাসের ৫০ কূটনীতিবিদ ও অন্যান্য কর্মীদের ফিরিয়ে আনা হল দেশে।

সূত্রের খবর, গোটা দেশের পাশাপাশি কান্দাহার শহরের কাছেও ক্রমেই বাড়ছে অশান্তি। এমতাবস্থায় কোনরকম ক্ষয়ক্ষতি এড়াতে ভারতীয় দূতাবাসের কর্মীদের দেশে ফেরানোর সিদ্ধান্ত নেয় দিল্লি। তবে সাময়িক সময়ের জন্য এই পদক্ষেপ করা হল বলে জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। পরিস্থিতি স্বাভাবিক হলেই ফের তাদের আবার সেদেশে পাঠানো হবে বলেও জানানো হয়েছে।
তবে ততদিন স্থানীয় কর্মীদের নিয়ে দূতাবাসের কাজকর্ম চলবে বলে খবর। এদিকে ইতিমধ্যেই কান্দাহারের দক্ষিণ ও হেলমান্দে বিপুল সংখ্যক লস্কর-ই-তৈবার জঙ্গিদেরও উপস্থিত নজরে এসেছে। তালিবানদের পাশাপাশি ঘাঁটি শক্ত করছে তারাও। পরিস্থিতি হাতের বাইরে গেলে কিছু সময়ের জন্য ভারতীয় কনস্যুলেট অস্থায়ীভাবে বন্ধ করা হতে পারে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল। অন্যদিকে ইতিমধ্যেই আফগানিস্তানের ৮০ শতাংশ এলাকার দখল নিয়ে নিয়েছে বলে দাবি করেছে তালিবান জঙ্গিরা। জায়গায় জায়গায় সেনার সঙ্গে চলছে সংঘর্ষ।
এমতাবস্থায় সেদেশে থাকা প্রায় তিন হাজার ভারতীয় নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা করছে দিল্লি। এদিকে করোনার কারণে গত বছর হেরাত এবং জালালাবাদে কনস্যুলেট বন্ধ করেছে ভারত। এবার জঙ্গি বাড়বাড়ন্তের মুখে পড়ে বন্ধের পথে কান্দাহারের দূতাবাসও। তবে এখনই কাবুল, এবং মাজার-এ-শরিফে ভারতীয় কনস্যুলেট ও দূতাবাস বন্ধ করার কোনও পরিকল্পনা নেই বলে জানা যাচ্ছে৷












Click it and Unblock the Notifications