Sunita Williams: ৮ দিনের সফরে গিয়ে ৯ মাস ধরে আটকে, মহাকাশ থেকে এখনই ফিরবেন না সুনীতা উইলিয়ামস
Sunita Williams: নতুন বছরের শুরুতেও পৃথিবীতে ফিরছেন না সুনীতা উইলিয়ামস। সেই জুন মাস থেকে মহাকাশেই আটকে রয়েছেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর (Butch Willmore)। তাদের ফেরার দিন আরও পিছিয়ে দিল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA)। ২০২৫ সালের মার্চের শেষের দিক করে মহাকাশ থেকে ফিরতে পারেন দুই নভশ্চর।
আট দিনের ছোট্ট অভিযান অপ্রত্যাশিতভাবে নয় মাসে পা দিল। গত জুন মাসের ৫ তারিখে সুনীতা ও বুচ বোয়িং স্টারলাইনারে চড়ে মহাকাশে গিয়েছিলেন। কিন্তু ওই মহাকাশযানে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। একইসঙ্গে হিলিয়াম লিকও ধরা পড়েছিল। তাই তাতে করে আর ফিরতে পারেননি সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে পড়েন তাঁরা।

সুনীতাদের ফেরাতে মহাকাশে পাড়ি দেবে নাসার স্পেস এক্স ক্রু-১০ মিশন (Spacex Crew 10 mission)। ক্রু-১০ মিশনে নাসার নভশ্চর অ্যানি ম্যাকলেন, নিকোল আয়ার্স, জাপানের নভশ্চর তাকুয়া ওনিশি ও রসকসমস তথা রাশিয়ার নভশ্চর কিরিল পেশকভ যাবেন মহাকাশে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতেই রওনা দেওয়ার কথা ছিল মহাকাশযানটির। কিন্তু ২০২৫ সালের মার্চের একেবারে শেষের দিক করে তা পিছিয়ে দেয় নাসা।
নাসার কমার্শিয়াল ক্রু প্রোগ্রামের ম্যানেজার স্টিভ স্টিচ জানান, নতুন ড্রাগন মহাকাশযান নির্মাণে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করার জন্যেই ওই তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, মহাকাশচারীদের নিরাপত্তার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন নাসা প্রধান বিল নেলসন। সুনীতাদের সঙ্গে ফিরবেন নাসার আধিকারিক নিক হেগ ও রুশ নভশ্চর আলেকজান্ডার গর্বোনভও।
এর আগে নিজের জন্মদিন পালন থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণে মহাকাশ থেকেই অংশ নিয়েছেন সুনীতা। আর এবার মহাকাশে থেকেই নতুন বছরকে স্বাগত জানাবেন সুনীতা উইলিয়ামসরা। যদিও সুনীতা ও বুচের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে।
সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরের ফেরা নিয়ে উৎকণ্ঠায় রয়েছে গোটা বিশ্ব। সামান্য আট দিনের সফরে গিয়ে ৯ মাসের জন্য মহাকাশেই আটকে সুনীতারা। পৃথিবীর বাইরে থেকেই যেন ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন দুই নভশ্চর।












Click it and Unblock the Notifications