পৃথিবীতে ফিরে হৃদযন্ত্রের সমস্যা, হাড় দুর্বল সহ আরও একাধিক সমস্যায় পড়তে পারেন সুনীতারা!
নয় মাসের দীর্ঘ প্রতীক্ষার পর, অবশেষে পৃথিবীতে ফিরছেন নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) আট দিনের মিশনের জন্য পাঠানো হলেও, বোয়িং স্টারলাইনারের যান্ত্রিক সমস্যার কারণে তাদের মিশন প্রায় নয় মাস দীর্ঘায়িত হয়। অবশেষে, নাসা ও স্পেসএক্স তাদের ফিরিয়ে আনতে ক্রু-১০ মিশনের মাধ্যমে তাঁদেরকে ফিরিয়ে আনার পরিকল্পনা চূড়ান্ত করে।
মহাকাশে দীর্ঘ সময় কাটানো মানুষের শরীর ও মনে গভীর প্রভাব ফেলে। সাধারণত ISS মিশন ছয় মাসের মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু সুনীতা ও বুচকে প্রায় নয় মাস মহাকাশে থাকতে হয়েছে, যা গবেষকদের জন্য নতুন গবেষণার সুযোগ তৈরি করেছে। কিন্তু অন্যদিকে, এই ৯ মাস তাঁদের শরীরে কিন্তু একাধিক প্রভাব ফেলেছে।

শারীরিক প্রভাব:
- হাড় ও পেশির ক্ষয়: প্রতি মাসে মহাকাশচারীরা ১-২% হাড়ের ঘনত্ব হারান, পেশি দুর্বল হয়ে যায় এবং শরীরের ভারসাম্য বিঘ্নিত হয়। পৃথিবীতে ফিরে তাদের স্বাভাবিক অবস্থায় ফিরতে কয়েক মাস শারীরিক পুনর্বাসন প্রয়োজন হয়।
- হৃদযন্ত্র ও রক্তসঞ্চালন: মহাকাশে মাধ্যাকর্ষণের অভাবে হৃদযন্ত্র কম পরিশ্রম করে, ফলে ফিরে আসার পর স্বাভাবিক রক্তসঞ্চালনে সমস্যা হতে পারে। এছাড়া, মাথায় তরল জমার কারণে মুখ ফোলা ও দৃষ্টিশক্তি কমে যাওয়ার ঝুঁকি থাকে।
- বিকিরণজনিত সমস্যা: পৃথিবীর চৌম্বকক্ষেত্রের বাইরে থাকার ফলে নভোচারীরা মহাজাগতিক রশ্মি ও সৌর বিকিরণের শিকার হন, যা ক্যান্সার ও স্নায়বিক সমস্যার ঝুঁকি বাড়ায়।
মানসিক প্রভাব:
- বিচ্ছিন্নতা ও একঘেয়েমি: দীর্ঘ সময় মহাকাশে থাকায় মানসিক চাপ তৈরি হয়, যা উদ্বেগ, বিষণ্নতা ও ঘুমের সমস্যা বাড়ায়।
- ওভারভিউ এফেক্ট: মহাকাশ থেকে পৃথিবীকে দেখার অভিজ্ঞতা অনেক নভোচারীর মধ্যে একটি গভীর মানসিক পরিবর্তন আনে, যা ফিরে আসার পর বাস্তব জীবনে খাপ খাওয়াতে অসুবিধা সৃষ্টি করতে পারে।
- পৃথিবীর পরিবেশের সাথে খাপ খাওয়ানো: মহাকাশে দীর্ঘ সময় কাটানোর পর হাঁটাচলা, ভারসাম্য রক্ষা ও দৈনন্দিন কাজ পুনরায় শিখতে হয়, যা মানসিক ও শারীরিকভাবে সমস্যা তৈরি করে।
সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরের দীর্ঘ মহাকাশযাত্রা গভীর মহাকাশ অভিযানের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ তথ্য দেবে। বিশেষ করে, মঙ্গল গ্রহ বা চাঁদে দীর্ঘমেয়াদী অভিযানের জন্য এটি নতুন চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গঠনে সহায়ক হবে। এখন তাই সকলের নজর তাদের নিরাপদে পৃথিবীতে ফিরে আসার দিকে!












Click it and Unblock the Notifications