সুদানে গৃহযুদ্ধের আঁচ আরও গনগনে, ইতিমধ্যে মৃতের সংখ্যা ৪০০ পার
আফ্রিকার দেশ সুদানে গৃহযুদ্ধ সপ্তাহ পার করে গিয়েছে। সে দেশের সেনা এবং আধা সেনার মধ্যে এই দ্বন্দ্ব কবে গিয়ে থামবে, তার কোনও নিশ্চয়তা নেই। ইতিমধ্যে এই ঘটনায় ৪০০ জনের বেশি মানুষের প্রাণ গিয়েছে। আহত হয়েছেন বেশ কয়েক হাজার মানুষ।
রাষ্ট্রপুঞ্জের তরফে সুদানের গৃহযুদ্ধ নিয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে, সেনা এবং আধা সেনার দ্বন্দ্বের মধ্যে পড়ে ইতিমধ্যে সুদানে নয়জন শিশু মারা গিয়েছে। এবং মারাত্মকভাবে আহত হয়েছেন অন্তত ৫০ জনের বেশি শিশু।

ইতিমধ্যে সৌদি আরবের সহায়তায় বেশ কিছু দেশের নাগরিককে সুদান থেকে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের মতো দেশ তাদের নাগরিকদের উদ্ধার করেছে। অন্যান্য দেশও তাদের নাগরিকদের উদ্ধারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
শুরুর কয়েক দিন পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে উদ্ধার কাজ চালাতে পারেনি কোনও দেশ। ঘরের বাইরে নাগরিকেরা বেরোতে পারছিলেন না। খাবার, জল এবং বিদ্যুতের অভাবে জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। অনেকে জীবনে ঝুঁকি নিয়ে উত্তর দিকের মিশর সীমান্ত পেরোনোর চেষ্টা করেছেন।

এরপরে গত সপ্তাহের শেষ দিকে ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ বেশি কিছু দেশের নাগরিকদের সৌদি আরবের সরকার সেদেশ থেকে উদ্ধার করে নিয়ে আসে। এরপর আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন সরকারও নিজেদের দেশের নাগরিকদের উদ্ধার করতে তৎপর হয়।
সুদানের যে সমস্ত এলাকায় বেশি করে সংঘর্ষের ঘটনা ঘটছে সেখান থেকে মানুষ অন্যত্র পালিয়ে গিয়েছেন। চারিদিকে বোমাগুলির বর্ষণের মাঝে খাবার-জল ছাড়া ভয়ে দিন কাটাতে হচ্ছে সুদানবাসীকে।

প্রসঙ্গত, সুদানের সেনা ২০২১ সালের অক্টোবরে অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করেছে। সেই ক্ষমতা নির্বাচিত সরকারে হাতে যাতে ফিরিয়ে দেওয়া হয়, সেজন্য সেদেশের আধাসেনা দ্বন্দ্বে জড়িয়েছে নিজের দেশের সেনার সঙ্গেই। ফলে নতুন করে গৃহযুদ্ধে তপ্ত হয়ে আফ্রিকাও আরও একটি দেশ।












Click it and Unblock the Notifications