সংখ্যালঘু নির্যাতনে কড়া বার্তা, সিরাজগঞ্জে তিন নেতাকে শোকজ, দু'জন সাসপেন্ড বিএনপির
বাংলাদেশে সরকার গঠনের প্রাক্কালে দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা দিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সিরাজগঞ্জে সংখ্যালঘু ব্যবসায়ীদের উপর হামলা, চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে দলের তিন নেতাকে শোকজ করা হয়েছে, পাশাপাশি ভোটারদের ভয় দেখানো ও হিংসাত্মক আচরণের অভিযোগে আরও দু'জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সিরাজগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের দোকানে হুমকি, চাঁদা আদায় ও ভাঙচুরের অভিযোগ ওঠে। এই ঘটনায় ফিরোজ আহমেদ, মনা পাল ও আরজু আহমেদের বিরুদ্ধে শোকজ নোটিস জারি করেছে জেলা বিএনপি। জেলা সাধারণ সম্পাদক সাইদুর রহমান স্পষ্ট জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও কঠোরতা অব্যাহত থাকবে।

অন্যদিকে, শিহাব মণ্ডল ও মোস্তাফিজুর রহমান মণ্ডলকে দলীয় পদ থেকে সাসপেন্ড করা হয়েছে। অভিযোগ, নির্বাচনের সময় তাঁরা অস্ত্র প্রদর্শন করে ভোটারদের আতঙ্কিত করেছেন এবং মারধরের ঘটনায় জড়িত ছিলেন। স্থানীয় থানায় অভিযোগ দায়ের হওয়ার পরই দল দ্রুত ব্যবস্থা নেয়।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর নতুন সরকার গঠনের প্রস্তুতি চলছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হস্তান্তরের প্রাক্কালে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে কড়া অবস্থান নিচ্ছে বিএনপি নেতৃত্ব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচার থেকেই দেশে 'স্বাভাবিক' পরিবেশ ও আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে আসছেন।
২০২৪ সালের ৫ অগাস্টে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে যাওয়ার পর থেকে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে বিভিন্ন মহলের অভিযোগ। সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনাও বেড়েছে। এই প্রেক্ষাপটে নতুন সরকারের সামনে শৃঙ্খলা পুনরুদ্ধারই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকেরা।
সরকার গঠনের আগেই দলীয় স্তরে এই কড়া বার্তা দিয়ে বিএনপি বুঝিয়ে দিল ক্ষমতায় এলেও শৃঙ্খলাভঙ্গ বরদাস্ত করা হবে না।












Click it and Unblock the Notifications