নাগরিকদের সঙ্গে ভদ্র আচরণে কড়া বার্তা, পঞ্জাবে পুলিশকে শিষ্টাচারের নির্দেশ মরিয়ম নওয়াজের
পুলিশের ভাষা ও আচরণে বদলের বার্তা দিল পাকিস্তানের পঞ্জাব সরকার। সাধারণ নাগরিকদের সঙ্গে কথা বলার সময় সম্মান বজায় রাখা বাধ্যতামূলক এমনই কড়া নির্দেশ জারি করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ।
পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, থানায়, চেকপোস্টে কিংবা টহলদারির সময় যেখানেই হোক, সাধারণ মানুষকে 'স্যর', 'ম্যাডাম', 'সাহেব' বলেই সম্বোধন করতে হবে। কোনও অবস্থাতেই অসম্মানজনক ভাষা ব্যবহার করা চলবে না।

সাম্প্রতিক সময়ে পঞ্জাবের বিভিন্ন এলাকায় পুলিশের বিরুদ্ধে নাগরিকদের ভয় দেখানো ও রূঢ় আচরণের অভিযোগ উঠেছিল। এমনকি অনেক ক্ষেত্রে সাধারণ মানুষকে 'ওয়ে' বলে ডাকার ঘটনাও প্রশাসনের নজরে আসে। এই প্রেক্ষাপটেই শিষ্টাচার শেখাতে উদ্যোগী হয়েছে সরকার।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, পুলিশের দায়িত্ব শুধু আইন রক্ষা নয়, মানুষের আস্থা অর্জনও। তাই নাগরিকদের সম্মানহানি হয় এমন কোনও আচরণ বরদাস্ত করা হবে না। তিনি আধিকারিকদের নির্দেশ দেন, বাহিনীর সদস্যরা যেন 'পরিণত' ও পেশাদার আচরণ করেন, তা নিশ্চিত করতে দ্রুত প্রশিক্ষণমূলক পদক্ষেপ নিতে হবে।
নির্দেশ কার্যকর হচ্ছে কি না, তা পর্যবেক্ষণের জন্য টহলরত পুলিশকর্মীদের বডি ক্যাম পরা বাধ্যতামূলক করা হয়েছে। এর মাধ্যমে আচরণগত স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে চায় প্রশাসন।
বিশ্লেষকদের মতে, পুলিশের ভাবমূর্তি ঘিরে বিতর্কের মধ্যেই এই পদক্ষেপ জনসংযোগে নতুন বার্তা দিতে পারে। নাগরিক ও পুলিশ সম্পর্কের টানাপোড়েন কমাতে সম্মান ও সৌজন্যকে হাতিয়ার করেই এগোতে চাইছে পঞ্জাব সরকার।












Click it and Unblock the Notifications