Sri Lanka Election Result: শ্রীলঙ্কায় সংসদীয় নির্বাচনে জয়ী প্রেসিডেন্ট দিশানায়েকের দল, ৬২ শতাংশ ভোটই পেল NPP
Sri Lanka Election Result: প্রাথমিক ট্রেন্ডেই স্পষ্ট হয়ে গিয়েছিল জয়। ১০৭টি আসন জিতে শ্রীলঙ্কায় সংখ্যাগরিষ্ঠতা (Majority) অর্জন করল প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের (Anura Kumara Dissanayake) দল ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টি বা এনপিপি (NPP)। ২২৫ আসনের শ্রীলঙ্কার সংসদীয় নির্বাচনে জয়ী হল তারা।
বৃহস্পতিবারের নির্বাচনে প্রায় ৬৮ লক্ষ ভোট পেয়েছেন এনপিপি। অর্থাৎ প্রায় ৬২ শতাংশ ভোট গিয়েছে তাদের ঝুলিতে। যদিও শ্রীলঙ্কাজুড়ে নিঃশব্দে জয় উদযাপন করছেন এনপিপি সমর্থকরা। কলম্বোয় আতসবাজি ফাটিয়ে জয় উদযাপন করতে দেখা যায় গুটিকয়েক সমর্থককে। ২২টি ইলেকটোরাল জেলায় মোট ৬৯০টি রাজনৈতিক দল ভোটে সামিল হয়। ভোটারের সংখ্যা প্রায় ১.৭ কোটি।

দিশানায়েকের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিলেন বিরোধী দলনেতা সাজিত প্রেমাদশা। তাঁর দলের নাম সামাগি জনা বালাওয়াগেয়া। সংসদীয় নির্বাচনে মাত্র ২৮টি আসন জিতেছে তারা। মোট ১৮ শতাংশ ভোট পেয়েছেন বিরোধী দলনেতা। অপরদিকে, প্রাক্তন প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংঘের দল দ্য নিউ ডেমোক্রেটিক ফ্রন্ট মাত্র তিনটি আসনে জয়ী হয়েছে।
বৃহস্পতিবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় (Colombo) ভোট দেন দিশানায়েক। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছিল বছর ৫৫-র প্রেসিডেন্টের গলায়। ভোট দিয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, "এই সংসদীয় নির্বাচন শ্রীলঙ্কার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের হাল ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই নির্বাচনের।"
বৃহস্পতিবার শ্রীলঙ্কায় কোনওপ্রকার অশান্তি ছাড়াই নির্বিঘ্নে ভোট হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে ভোট চলাকালীন অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে তিন ভোটকর্মী-সহ এক পুলিশ কনস্টেবলের। বৃহস্পতিবার ৯ ঘণ্টা ধরে চলে ভোটগ্রহণ। ২২৫টি আসনের জন্য লড়াইয়ে রয়েছেন মোট ৮ হাজার ৮৮০ জন প্রার্থী।
ভোট পর্যবেক্ষকদের মতে পূর্বের নির্বাচনগুলির মতো বৃহস্পতিবারের সংসদীয় নির্বাচনে কোনওপ্রকার অশান্তির বাতাবরণ সৃষ্টি হতে পারেনি। এর কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষক কুশল পেরেরার দাবি, বিরোধী শিবির দুর্বল হওয়ার কারণে নির্বাচনের ফল যে দিশানায়েকের দিকেই ঝুঁকবে তা আগেই ধাবমান করা গিয়েছিল।












Click it and Unblock the Notifications