Sri Lanka Election: বৃহস্পতিতে শ্রীলঙ্কায় সংসদীয় নির্বাচন, শুক্রে বিজয়ী ঘোষণা; কীভাবে ভোট হয় দ্বীপরাষ্ট্রে?
Sri Lanka General Election: বৃহস্পতিবার শ্রীলঙ্কায় সংসদীয় নির্বাচন। ভোটের লাইনে দাঁড়াবেন প্রায় ১.৭ কোটি নাগরিক। ২২৫ আসনের সংসদে পাঁচ বছরের জন্য সদস্যদের ভাগ্যপরীক্ষা বৃহস্পতিবার। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের জয়ের দুই মাসেরও কম সময়ের মধ্যে আয়োজিত হচ্ছে নির্বাচন। ভোটের লড়াইয়ে রয়েছেন প্রায় ৮ হাজার প্রার্থী।
কেন হচ্ছে নির্বাচন?
দুর্নীতি বিরোধী মঞ্চ থেকে ক্ষমতায় এসেছিলেন দিশানায়েকে (Anura Kumara Dissanayake)। অচল শ্রীলঙ্কায় বদল আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। তাই মসনদে বসার দিনকয়েকের মধ্যেই গত সেপ্টেম্বরের ২৪ তারিখ সংসদ ভেঙে দেন সমাজতান্ত্রিক দলের এই নেতা। বিদায়ী সংসদে মাত্র ৩ জন আইনপ্রণেতা থাকায় অবশ্যম্ভাবী হয়ে পড়ে সংসদীয় নির্বাচন।

সোমবারই শেষ হয়েছে নির্বাচনী প্রচার। ভোটের ৪৮ ঘণ্টা আগে শ্রীলঙ্কায় প্রচার শেষ হয়েছে। শ্রীলঙ্কাকে মূলস্রোতে ফেরাতে নিজস্ব নীতি প্রণয়ন করতে সংসদে সংখ্যাগরিষ্ঠতা চান প্রেসিডেন্ট দিশানায়েকে। শ্রীলঙ্কায় প্রায় ১.৭ কোটি ভোটারের মধ্যে ১০ লক্ষ ভোটারই প্রথমবারের জন্য ভোট দেবেন।
শ্রীলঙ্কার সংসদে ১৯৬ জন সদস্যকে সরাসরি নির্বাচন করেন ২২টি সংসদীয় কেন্দ্রের (Constituency) ভোটাররা। বাকি ২৯ আসন বণ্টন করা হয় দ্বীপভিত্তিক ভোটের অনুপাতের নিরিখে। পছন্দের সর্বোচ্চ তিন প্রার্থীকে ভোট দিতে পারবেন ভোটাররা।
সকাল ৭টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ পর্ব চলবে শ্রীলঙ্কায়। তার খানিকক্ষণ পরই শুরু হয় ভোটগণনা। কড়া নিরাপত্তায় হাজারেরও বেশি বুথে ভোটগণনা হয়। নির্বাচন কমিশনের (Election Commission) আধিকারিক, পর্যবেক্ষক ও প্রার্থীদের প্রতিনিধিরা উপস্থিত থাকেন ভোটগণনার সময়।
বৃহস্পতিবার ভোটের পর শুক্রবারই বিজয়ী দলের নাম ঘোষণা করে নির্বাচন কমিশন। তারপরেই নতুন মন্ত্রিসভা গঠন করে ২১ নভেম্বর নতুন সংসদে স্পিকার নির্বাচন করা হবে। একইদিনে বক্তৃতা রাখবেন প্রেসিডেন্ট দিশানায়েকে। আগামিদিনে কোন কোন বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হবে তা দেশবাসীকে জানাবেন তিনি।












Click it and Unblock the Notifications